নতুন পাসপোর্টের আবেদন শেখ হাসিনার, প্রত্যর্পণ চুক্তির প্রসঙ্গ তুলে চাপ বাংলাদেশের

লন্ডনে থাকা শেখ হাসিনার আইনজীবীরা নয়াদিল্লিতে বাংলাদেশের কূটনৈতিক মিশনের কাছে তাঁর জন্য নতুন পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্র ইস্যু করার আবেদন জানিয়েছেন। তাঁদের দাবি, অন্তর্বর্তী সরকার শেখ হাসিনার পুরনো নথি বাতিল করায় নাগরিক অধিকার ও আন্তর্জাতিক মানবাধিকার বিধির খাতিরে নতুন নথিপত্র প্রয়োজন। তবে ঢাকা এই আবেদন নিয়ে কোনো নমনীয়তা দেখাতে নারাজ। বিদেশ প্রতিমন্ত্রী হুমায়ুন কবির স্পষ্ট জানিয়েছেন, শেখ হাসিনার বিরুদ্ধে একাধিক মামলা থাকায় তাঁকে সাধারণ যাত্রীর মতো বিবেচনা করার সুযোগ নেই।
বাংলাদেশের বর্তমান সরকার শেখ হাসিনাকে একজন পলাতক অপরাধী হিসেবে চিহ্নিত করে ভারতের সঙ্গে বিদ্যমান প্রত্যর্পণ চুক্তির আওতায় তাঁকে দেশে ফিরিয়ে আনার দাবি জানিয়েছে। ২০২৪ সালের আগস্টে ক্ষমতাচ্যুত হওয়ার পর থেকে শেখ হাসিনা ভারতে রয়েছেন। তাঁর অনুপস্থিতিতে যুদ্ধাপরাধ ট্রাইব্যুনাল তাঁকে মৃত্যুদণ্ডের সাজা দিয়েছে। বাংলাদেশের স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, পাসপোর্ট ও এনআইডি সংক্রান্ত আবেদনগুলি বৈধ কি না এবং তা চাওয়ার আইনি অধিকার তাঁর রয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।
শেখ হাসিনার সহযোগীরা দাবি করেছেন, তিনি দেশে ফিরে আদালতে আত্মসমর্পণ করতে চান। তবে বাংলাদেশের প্রধান প্রসিকিউটর মহম্মদ আমিনুল ইসলাম এই দাবিকে নিছক রাজনৈতিক কৌশল বলে অভিহিত করেছেন। বিদেশ প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরের মতে, শেখ হাসিনা সত্যিই ফিরতে চাইলে ভারত সরকারের কাছে প্রত্যর্পণ চুক্তির নিয়ম মেনেই তাঁকে বাংলাদেশের হাতে তুলে দেওয়ার আবেদন করা উচিত। এই পরিস্থিতি বাংলাদেশ ও ভারতের কূটনৈতিক সম্পর্কের ক্ষেত্রেও নতুন করে আলোচনার জন্ম দিয়েছে।