কাঁচামালের মূল্যবৃদ্ধির জেরে পণ্যের দাম বাড়ানোর পথে ডাবর

আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম বৃদ্ধি এবং কাঁচামালের ক্রমবর্ধমান খরচের কারণে বড়সড় সিদ্ধান্ত নিতে চলেছে ডাবর ইন্ডিয়া। পশ্চিম এশিয়ায় চলমান সংঘাতের জেরে সরবরাহ শৃঙ্খল ও উৎপাদন খরচ সরাসরি প্রভাবিত হওয়ায় কোম্পানি তাদের পণ্য সম্ভার পর্যালোচনার কাজ শুরু করেছে। এই পরিস্থিতিতে উৎপাদন খরচ সামাল দিতে পণ্যের দাম বাড়ানোর পরিকল্পনা করছে সংস্থাটি।
ডাবর ইন্ডিয়ার সিইও হরজিৎ ভাল্লা জানিয়েছেন, বর্তমান পরিস্থিতি মোকাবিলায় কোম্পানি খরচ কমানোর পাশাপাশি প্রিমিয়াম পণ্যের বিক্রির ওপর বিশেষ জোর দিচ্ছে। তবে যেসব ক্ষেত্রে তীব্র মূল্য প্রতিযোগিতা রয়েছে, সেখানে সাধারণ গ্রাহকদের ক্রয়ক্ষমতার কথা মাথায় রেখেই দাম নির্ধারণ করা হবে। সামগ্রিক মুনাফা বজায় রাখতে পণ্যের পোর্টফোলিও উন্নত করার কৌশল নিয়েছে কর্তৃপক্ষ।
বাজার দখল বজায় রাখতে নিজেদের প্রধান ব্র্যান্ডগুলোতে বিনিয়োগ অব্যাহত রাখার ঘোষণা দিয়েছে ডাবর। উল্লেখ্য, এই ফ্ল্যাগশিপ ব্র্যান্ডগুলো থেকেই কোম্পানির মোট বার্ষিক টার্নওভারের প্রায় ৬০ শতাংশ আসে। ব্র্যান্ডগুলোকে আরও শক্তিশালী করার পাশাপাশি বিজ্ঞাপন ও প্রচারের ক্ষেত্রেও সুনির্দিষ্ট পরিকল্পনা নেওয়া হয়েছে। বিশেষ কিছু ক্যাটাগরির পণ্য সরাসরি ভোক্তাদের কাছে পৌঁছে দিতে বিজ্ঞাপনে বিনিয়োগ ১৫০ থেকে ২০০ বেসিস পয়েন্ট পর্যন্ত বাড়ানো হতে পারে বলে জানিয়েছে সংস্থাটি।