সোশ্যাল মিডিয়ায় অন্য মেয়েদের ছবিতে লাইক দেওয়াকে কেন্দ্র করে লিভ-ইন সঙ্গীকে খুনের অভিযোগ

সোশ্যাল মিডিয়ায় প্রেমিক সার্থক সরকারের কার্যকলাপ নিয়ে সন্দেহের জেরে লিভ-ইন সঙ্গীকে খুনের অভিযোগ উঠল সঞ্চালিকা বসুর বিরুদ্ধে। বারুইপুর পুলিশ জেলার অতিরিক্ত পুলিশ সুপার সৌমজিত বড়ুয়া জানিয়েছেন, সার্থক অন্য কোনো তরুণীকে ফলো করলে বা ছবিতে লাইক দিলে সঞ্চালিকা তীব্র আপত্তি জানাতেন। এই বিষয়টিকে কেন্দ্র করে দুজনের মধ্যে প্রায়ই অশান্তি ও বচসা হতো। ঘটনার দিন ফরতাবাদের ভাড়া ফ্ল্যাট থেকে অচৈতন্য অবস্থায় সার্থককে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাঁকে মৃত ঘোষণা করেন। ঘটনাস্থল থেকে একটি রক্তমাখা কাঁচি উদ্ধার করেছে পুলিশ।
তদন্তে নেমে পুলিশ সঞ্চালিকা বসুকে গ্রেপ্তার করেছে। তবে তিনি সরাসরি অপরাধের কথা স্বীকার করেননি। এই ঘটনায় সঞ্চালিকার মা মৌমিতা বসুর ভূমিকাও সন্দেহজনক বলে মনে করছে পুলিশ। মৌমিতাকেও গ্রেপ্তার করা হয়েছে। তদন্তকারীদের অনুমান, তিনি ঘটনাটি ধামাচাপা দেওয়ার চেষ্টা করেছিলেন এবং পুলিশকে বিভ্রান্ত করার ফন্দি এঁটেছিলেন। ধৃতদের লাগাতার জেরা করে হত্যাকাণ্ডের রহস্য উন্মোচনের চেষ্টা চলছে।
তদন্তে উঠে এসেছে যে, সঞ্চালিকা আদতে মৌমিতা বসুর নিজের মেয়ে নন, তাঁকে দত্তক নেওয়া হয়েছিল। এই সংক্রান্ত আইনি নথিগুলো পুলিশ যাচাই করে দেখছে। ঘটনার নেপথ্যে অন্য কোনো যোগ রয়েছে কি না, তা খতিয়ে দেখতে সঞ্চালিকার দাদু ও দিদাকেও জিজ্ঞাসাবাদ করা হয়েছে। ঘটনার সময় তাঁরা নেশাগ্রস্ত ছিলেন কি না, তা ময়নাতদন্তের রিপোর্ট হাতে এলেই স্পষ্ট হবে বলে জানিয়েছে পুলিশ।