ভারতে ১০০০-এর বেশি কর্মী ছাঁটাইয়ের পথে কোয়ালকম

বিশ্বজুড়ে কর্মী ছাঁটাইয়ের পথে হাঁটছে মার্কিন চিপ নির্মাতা সংস্থা কোয়ালকম। সংস্থার মোট ৫২,০০০ কর্মীর মধ্যে প্রায় ৩,৬০০ জনকে ছাঁটাই করা হচ্ছে। এর মধ্যে ভারতের বেঙ্গালুরু, হায়দরাবাদ, চেন্নাই এবং দিল্লি-এনসিআর কার্যালয় মিলিয়ে ১,০০০-এরও বেশি কর্মীকে ছাঁটাইয়ের নোটিশ পাঠানো হয়েছে। সূত্রের খবর, আগামী বছরের জানুয়ারি মাসে ছাঁটাইয়ের দ্বিতীয় ধাপ শুরু হতে পারে।
সংস্থার অভ্যন্তরীণ পারফরম্যান্স রিভিউয়ের ভিত্তিতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ছাঁটাইয়ের তালিকায় নতুন কর্মীদের পাশাপাশি অভিজ্ঞ সিনিয়র ইঞ্জিনিয়াররাও রয়েছেন। চাকরি হারানো কর্মীদের ক্ষতিপূরণ হিসেবে তিন মাসের মূল বেতন দেওয়া হচ্ছে। এছাড়া কাজের অভিজ্ঞতার ভিত্তিতে প্রতি বছরের জন্য অতিরিক্ত এক মাসের বেতন এবং চূড়ান্ত নথিতে সই করলে আরও এক মাসের বেতনের প্রস্তাব দেওয়া হয়েছে।
কোয়ালকমের সিইও ক্রিশ্চিয়ানো আমন জানিয়েছেন, টানা কয়েকটি কোয়ার্টারে প্রত্যাশিত আর্থিক লক্ষ্যমাত্রা অর্জনে ব্যর্থ হওয়ায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। স্মার্টফোন চিপের বাজারে মুনাফা কমায় সংস্থা এখন ডেটা সেন্টার ও অটোমোটিভ টেকনোলজির মতো নতুন প্রযুক্তিতে বিনিয়োগের পরিকল্পনা করছে। এই পুনর্গঠন প্রক্রিয়ার অংশ হিসেবেই কঠোর পারফরম্যান্স-ভিত্তিক ছাঁটাইয়ের পথ বেছে নিয়েছে চিপ জায়ান্ট এই সংস্থাটি।