কাশ্মীরের কুলগামে সিআরপিএফ চৌকিতে জঙ্গি হামলা, আহত বিষ্ণুপুরের জওয়ান

জম্মু-কাশ্মীরের কুলগামের মীরবাজার এলাকার আখরানে সিআরপিএফের একটি নাকা চৌকিতে বাইকে সওয়ার দুই সন্ত্রাসবাদী অতর্কিতে গুলিবর্ষণ করে। এই হামলায় বিষ্ণুপুরের বাসিন্দা শান্তনু নামে এক সিআরপিএফ জওয়ান আহত হয়েছেন। ঘটনার সময় ওই এলাকায় জম্মু-কাশ্মীরের লেফটেন্যান্ট গভর্নর মনোজ সিনহার উপস্থিত থাকার কথা ছিল। হামলার পরপরই এলাকা ঘিরে ফেলে পুলিশ ও আধাসেনা তল্লাশি অভিযান শুরু করেছে।
পরিবার সূত্রে জানা গিয়েছে, ২০১১ সালে সিআরপিএফের ৪৬ নম্বর ব্যাটালিয়ানে যোগ দেওয়া শান্তনু সাড়ে তিন বছর ধরে কাশ্মীরে কর্মরত। বুধবার দুপুরে ডিউটি চলাকালীন সন্ত্রাসবাদীদের স্বয়ংক্রিয় অস্ত্রের গুলি তাঁর হাতে লাগে। আহত অবস্থায় তিনি নিজেই প্রথমে স্ত্রীকে ফোন করে হামলার কথা জানান এবং তাঁর সঙ্গীকে হাসপাতালে নিয়ে যাওয়ার কথা বলেন। পরে সিআরপিএফের পক্ষ থেকে পরিবারের সঙ্গে যোগাযোগ করে জানানো হয় যে শান্তনুর আঘাত গুরুতর নয়।
বর্তমানে স্থানীয় হাসপাতালে চিকিৎসাধীন ওই জওয়ানের শারীরিক অবস্থা স্থিতিশীল। তিনি মোবাইলে পরিবারের সদস্যদের সঙ্গে কথাও বলেছেন। পুজোর ছুটিতে বাড়ি আসার পর লক্ষ্মীপুজোর পরেই তিনি কর্মস্থলে ফিরে গিয়েছিলেন। এই ঘটনার পর থেকে এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। হামলাকারীদের খোঁজে তল্লাশি চালাচ্ছে নিরাপত্তা বাহিনী। তবে পাল্টা গুলিতে কোনো জঙ্গি জখম হয়েছে কি না, তা এখনও স্পষ্ট নয়।