ভাইফোঁটায় মিষ্টির দাম বৃদ্ধি, তবুও ক্রেতাদের ভিড়ে জমজমাট মিষ্টির দোকান

ভাইফোঁটা উপলক্ষে মিষ্টির বাজারে দামের ঊর্ধ্বগতি লক্ষ্য করা গেছে। কাঁচামালের খরচ বেড়ে যাওয়ায় গত বছরের তুলনায় এবছর সমস্ত ঐতিহ্যবাহী ও ফিউশন মিষ্টির দাম পিস প্রতি ৫ থেকে ২০ টাকা পর্যন্ত বৃদ্ধি পেয়েছে। বিশেষ সন্দেশের দাম ১০ থেকে ১৫ টাকা বেড়ে বর্তমানে গুণমান ও আকারভেদে ৩০ থেকে ৮০ টাকায় বিক্রি হচ্ছে। সাধারণ রসগোল্লা ও সন্দেশের দামও পিস প্রতি ৪ থেকে ৮ টাকা বেড়েছে।
আধুনিক প্রজন্মের চাহিদার কথা মাথায় রেখে বাজারে চিজ বেকড রসগোল্লা, ডার্ক চকলেট ফ্যান্টাসি ও ব্লুবেরি সন্দেশের মতো ফিউশন মিষ্টির সমাহার রয়েছে। তবে এগুলির দাম বেশ চড়া, যা পিস প্রতি ৪০ থেকে ১৫০ টাকা পর্যন্ত ধার্য করা হয়েছে। এছাড়া খাজা, গজা ও সন্দেশ দিয়ে সাজানো বিশেষ মিষ্টির থালি ও হ্যাম্পারের দাম ১৭৫ টাকা থেকে ৩৯৯ টাকার মধ্যে রাখা হয়েছে।
দাম বাড়লেও উৎসবের দিনে বাঙালির প্রথম পছন্দ আজও সেই পুরোনো ও ঐতিহ্যবাহী মিষ্টি। বিশেষ করে ‘ভাইফোঁটা’ লেখা বড় সন্দেশ এবং দূরে থাকা ভাইদের পাঠানোর জন্য খাজা, গজা ও বালুশাহির চাহিদা তুঙ্গে। পাশাপাশি, স্বাস্থ্যসচেতন ক্রেতাদের জন্য সুগার-ফ্রি রসগোল্লা ও চিনিমুক্ত সন্দেশের চাহিদাও বাজারে বেশ ভালো। সব মিলিয়ে চড়া দামের বাজারকে উপেক্ষা করেই ভাইফোঁটার মিষ্টিমুখের প্রস্তুতিতে মেতেছে বাঙালি।