শ্লীলতাহানির অভিযোগ ঘিরে নিউ আলিপুর থানায় ধুন্ধুমার, পুলিশকে মারধরের ঘটনায় গ্রেপ্তার ৫

সোমবার মাঝরাতে চেতলা থেকে ঠাকুর দেখে ফেরার পথে এক তরুণীকে উত্যক্ত করার অভিযোগ ওঠে। দুর্গাপুর ব্রিজের কাছে ওই তরুণী তাঁর দাদাকে ফোন করলে স্থানীয়রা ঘটনাস্থলে পৌঁছে তিন যুবকের মধ্যে একজনকে আটক করেন। খবর পেয়ে নিউ আলিপুর থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করে। পুলিশ স্বরূপ দাস ও জনতার হাতে আটক জয় কুমার কামাথকে আটক করে থানায় নিয়ে যায়। এই ঘটনাকে কেন্দ্র করে ৫০-৬০ জন উত্তেজিত জনতা থানার সামনে বিক্ষোভ দেখাতে শুরু করেন।
থানায় বিক্ষোভ চলাকালীন পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। উত্তেজিত জনতাকে সরিয়ে দেওয়ার সময় পুলিশ কর্মীদের ওপর হামলার অভিযোগ ওঠে। এই ঘটনায় সাব-ইনস্পেক্টর রাহুল অধিকারী, কনস্টেবল সুমন্ত দাস, পুলিশ ড্রাইভার প্রসেনজিৎ রায় এবং সিভিক ভলান্টিয়ার শুভাশিস দত্ত গুরুতর আহত হন। তাঁদের বাঙ্গুর হাসপাতালে চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়। এই ঘটনায় আইনজীবী সৌরভ মল্লিক সহ মোট পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শ্লীলতাহানি ও পুলিশকে মারধরের ঘটনায় নিউ আলিপুর থানায় দুটি আলাদা মামলা রুজু হয়েছে। মঙ্গলবার আলিপুর আদালতে অভিযুক্তদের তোলা হলে জয় কুমার কামাথকে পুলিশি হেপাজতে পাঠানো হয়। অন্যদিকে, আইনজীবী সৌরভ মল্লিকের জামিন মঞ্জুর করেছে আদালত। সৌরভ মল্লিকের গ্রেপ্তারি ও মারধরের প্রতিবাদে সরব হয়েছেন আলিপুর আদালতের আইনজীবীরা। তাঁরা অভিযুক্ত পুলিশ অফিসারের শাস্তির দাবি তুলেছেন এবং ঘটনার নিরপেক্ষ তদন্তের আবেদন জানিয়েছেন।