প্রথম সন্তান হারানোর মর্মান্তিক স্মৃতি শেয়ার করলেন সোনিয়া গান্ধী

প্রথম সন্তান হারানোর মর্মান্তিক স্মৃতি শেয়ার করলেন সোনিয়া গান্ধী

রাহুল গান্ধীর জন্মের আগে রাজীব ও সোনিয়া গান্ধীর জীবনে এক পুত্রসন্তান এসেছিল, যার কথা এতদিন সেভাবে প্রকাশ্যে আসেনি। ১৯৬৯ সালের ১৮ জানুয়ারি নির্ধারিত সময়ের দু’মাস আগেই সোনিয়া গান্ধীর প্রসব বেদনা শুরু হয়। প্রিম্যাচিওর হলেও শিশুটি সুস্থ ছিল এবং জন্মের পর তার কান্নার আওয়াজও শোনা গিয়েছিল। ইনকিউবেটরে থাকা সেই সদ্যোজাতকে দেখে রাজীব ও সোনিয়া দুজনেই অত্যন্ত আবেগপ্রবণ হয়ে পড়েছিলেন। কিন্তু নিয়তির নির্মম পরিহাসে জন্মের কয়েক ঘণ্টা পরেই শিশুটি মারা যায়।

সন্তান হারানোর সেই শোক সামলানো ছিল অত্যন্ত কঠিন। সোনিয়া গান্ধী জানিয়েছেন, সেই সময় নবজাতকের দেহ নদীতে ভাসিয়ে দেওয়ার রীতি থাকলেও তিনি তা করতে অস্বীকার করেন। শেষ পর্যন্ত দক্ষিণ দিল্লির মেহরৌলিতে ফিরোজ গান্ধীর খামারবাড়িতে একটি বোগেনভেলিয়া গাছের পাশে রাজীব ও সঞ্জয় গান্ধী মিলে শিশুটিকে সমাধিস্থ করেন। দীর্ঘ সময় ধরে সেই সমাধিতে ফুল দিয়ে আসতেন সোনিয়া।

প্রথম সন্তানকে হারানোর গভীর শোক ও মানসিক যন্ত্রণা দীর্ঘদিন তাঁকে তাড়া করে ফিরেছিল। সেই সময় একটি দক্ষিণপন্থী পত্রিকা শিশুটির বৈধতা নিয়ে প্রশ্ন তুলে আক্রমণ করায় তিনি মানসিকভাবে আরও ভেঙে পড়েছিলেন। তবে সেই শোক কাটিয়ে ওঠার পর ১৯৭০ সালের ১৯ জুন রাহুল গান্ধীর জন্ম হয়। নিজের বইয়ে সোনিয়া গান্ধী প্রথম সন্তানের সেই মর্মান্তিক অভিজ্ঞতার কথা বিস্তারিতভাবে তুলে ধরেছেন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *