কলকাতার বিভিন্ন এলাকায় পানীয় জলের সংকট, বৃষ্টির কারণে ব্যাহত মেরামতির কাজ

মঙ্গলবার সকাল থেকে উত্তর, মধ্য ও দক্ষিণ কলকাতার বিস্তীর্ণ এলাকায় পানীয় জলের তীব্র সংকট দেখা দিয়েছে। টালা পোস্ট অফিস মোড়ের কাছে একটি পুরনো পাইপলাইনের সঙ্গে নতুন পাইপলাইনের সংযোগ স্থাপনের কাজ চলায় এই সমস্যা তৈরি হয়েছে। তবে মঙ্গলবার দুপুরের পর মুষলধারে বৃষ্টির কারণে মেরামতির কাজে বড়সড় বাধা সৃষ্টি হয়। বৃষ্টির জেরে ওয়েল্ডিংয়ের কাজ বেশ কিছুক্ষণ বন্ধ রাখতে বাধ্য হন কর্মীরা।
পুরসভা সূত্রে জানা গেছে, পরিস্থিতি সামাল দিতে স্বাভাবিকের চেয়ে অতিরিক্ত ১০০টি জলের ট্যাঙ্কার বিভিন্ন এলাকায় পাঠানো হয়েছে। বউবাজারের বিভিন্ন লেন, শিয়ালদহ, সেন্ট্রাল অ্যাভিনিউ, পদ্মপুকুর ও বেলতলার মতো এলাকায় জলের জন্য হাহাকার দেখা দিয়েছে। কুমোরটুলির উড়েপাড়াসহ একাধিক জায়গায় ট্যাঙ্কারের সামনে বালতি হাতে দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থাকতে দেখা গেছে সাধারণ মানুষকে। বাসিন্দাদের অভিযোগ, পাঠানো ট্যাঙ্কারের জল প্রয়োজনের তুলনায় অত্যন্ত কম।
পুর আধিকারিকরা জানিয়েছেন, ক্ষতিগ্রস্ত পাইপলাইনটি পুরোপুরি জলশূন্য করা হয়নি। পাইপলাইনের জলের বেগ কমিয়ে ধীরগতিতে পাম্পিং স্টেশনগুলিতে জল পাঠানো হচ্ছে, যাতে শহরবাসী অন্তত কিছুটা পরিস্রুত পানীয় জল পান। পাইপলাইন পুরোপুরি বন্ধ করলে সংকট আরও ভয়াবহ আকার ধারণ করত। শুক্রবার পর্যন্ত এই পরিস্থিতি চলতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। পুর ও নগরোন্নয়নমন্ত্রী অগ্নিমিত্রা পাল জানিয়েছেন, জলের ট্যাংকের প্রয়োজন হলে ৯৮৩১১২৭৫২২ নম্বরে ফোন বা হোয়াটসঅ্যাপ করে জানানো যাবে।
পুরসভার মতে, পাইপলাইনের মাধ্যমে বাড়ি বাড়ি জল সরবরাহের বিকল্প হিসেবে ট্যাঙ্কার কখনোই পর্যাপ্ত নয়। মেরামতির কাজ শেষ না হওয়া পর্যন্ত ক্ষতিগ্রস্ত পাইপলাইন দিয়ে জল সরবরাহ পুরোপুরি বন্ধ করা হবে না। সংযোগ স্থাপনের কাজ শেষ হলে পুরনো লাইনটি জলশূন্য করে মাটির গভীরে থাকা ফাটল মেরামতির কাজ শুরু হবে। এরপরই জল সরবরাহ স্বাভাবিক হবে বলে আশা করা হচ্ছে।