বিয়ের প্রতিশ্রুতি দিয়ে শিক্ষিকাকে ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার চিকিৎসক

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে শিক্ষিকাকে ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার চিকিৎসক

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে এক শিক্ষিকাকে ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে এক চিকিৎসককে। পঞ্চসায়র এলাকার বাসিন্দা ওই শিক্ষিকার সঙ্গে স্থানীয় এক ব্যক্তির মাধ্যমে পরিচয় হয় অভিযুক্ত চিকিৎসকের। দুই পরিবারের সম্মতিতে বিয়ের কথাবার্তাও চূড়ান্ত হয়েছিল। তবে বিয়ের আগেই ওই চিকিৎসকের অন্য এক তরুণীর সঙ্গে সম্পর্কের কথা জানতে পারেন শিক্ষিকা। অভিযোগ, সেই সম্পর্ক থেকে বেরিয়ে আসার প্রতিশ্রুতি দিয়ে ওই চিকিৎসক শিক্ষিকাকে নিজের ফ্ল্যাটে ডেকে নিয়ে গিয়ে একাধিকবার ধর্ষণ করেন।

পরবর্তীতে ওই চিকিৎসক অন্য তরুণীর সঙ্গে সম্পর্ক বজায় রাখছেন বুঝতে পেরে শিক্ষিকা প্রতিবাদ করলে তাঁকে মারধর করা হয়। এমনকি, ভিডিও কলের মাধ্যমে ওই চিকিৎসক শিক্ষিকাকে বিয়ের জন্য চাপ সৃষ্টি করেন এবং আত্মহত্যা করার হুমকি দিয়ে ব্ল্যাকমেইল করতে শুরু করেন। নিজেকে ফাঁসানোর চেষ্টা বুঝতে পেরে গত মাসে পঞ্চসায়র থানায় লিখিত অভিযোগ দায়ের করেন ওই শিক্ষিকা। অভিযোগের ভিত্তিতে পুলিশ তদন্ত শুরু করে অভিযুক্তকে গ্রেপ্তার করে।

সোমবার অভিযুক্ত চিকিৎসককে আলিপুর আদালতে তোলা হয়। সরকারি আইনজীবী সাজ্জাদ আলি খান এই ঘটনাকে অত্যন্ত কলঙ্কজনক বলে অভিহিত করেছেন। অন্যদিকে, অভিযুক্তের আইনজীবী শুভাশিস দাসের দাবি, তাঁর মক্কেলকে মিথ্যা অভিযোগে ফাঁসানো হয়েছে। আদালত অভিযুক্ত চিকিৎসককে পুলিশি হেফাজতে পাঠানোর নির্দেশ দিয়েছে। ঘটনার তদন্ত চালাচ্ছে পঞ্চসায়র থানার পুলিশ।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *