বরানগরে ফাঁকা ফ্ল্যাট থেকে তরুণীর দেহ উদ্ধার, খুনের আশঙ্কায় পুলিশ

বরানগরের লেকপল্লি এলাকায় এক ফাঁকা ফ্ল্যাট থেকে অঞ্জলি সাউ (২৬) নামে এক তরুণীর নিথর দেহ উদ্ধার হয়েছে। ফ্ল্যাটটি মূলত তরুণীর দিদি ও জামাইবাবুর। তাঁরা সম্প্রতি অন্যত্র চলে যাওয়ায় ফ্ল্যাটটি ফাঁকা ছিল এবং চাবি রাখা ছিল এক প্রতিবেশীর কাছে। মঙ্গলবার দুপুরে অঞ্জলি সেই প্রতিবেশীর কাছ থেকে চাবি নিয়ে ফ্ল্যাটে প্রবেশ করেন। এরপর থেকেই তাঁর সঙ্গে পরিবারের সদস্যদের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়।
দিদি বারবার ফোন করেও কোনো সাড়া না পাওয়ায় প্রতিবেশীদের খবর দেন। প্রতিবেশীরা ফ্ল্যাটের দরজায় গিয়ে ডাকাডাকি করলেও ভেতর থেকে কোনো উত্তর মেলেনি। এরপর বরানগর থানায় খবর দেওয়া হলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দরজা ভেঙে ভেতরে ঢোকে। সেখানে অঞ্জলিকে অচৈতন্য অবস্থায় পড়ে থাকতে দেখা যায়। দ্রুত তাঁকে বরানগর স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন।
পুলিশ সূত্রে জানা গেছে, তরুণীর শরীরে একাধিক আঘাতের চিহ্ন রয়েছে, যা স্বাভাবিক মৃত্যুর ইঙ্গিত দেয় না। এই ঘটনার পেছনে খুনের সম্ভাবনা উড়িয়ে দিচ্ছে না পুলিশ। মৃত্যুর প্রকৃত কারণ জানতে দেহটি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। এছাড়া ওই সময় ফ্ল্যাটে অন্য কেউ প্রবেশ করেছিল কি না, তা নিশ্চিত করতে আবাসনের সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখছে তদন্তকারী দল। ময়নাতদন্তের রিপোর্ট এলেই মৃত্যুর আসল কারণ স্পষ্ট হবে বলে আশা করা হচ্ছে।