কাশ্মীরের কুলগাঁওয়ে সিআরপিএফ জওয়ানদের ওপর জঙ্গি হামলা, আহত বাংলার সন্তোষ চাঁদু

জম্মু ও কাশ্মীরের কুলগাঁও জেলায় সিআরপিএফ জওয়ানদের ওপর ভয়াবহ জঙ্গি হামলার ঘটনা ঘটেছে। বুধবার দুপুর ২টা ১৫ মিনিট নাগাদ কুলগাঁওয়ের আখরান এলাকায় মীর বাজারের কাছে এই হামলার ঘটনাটি ঘটে। নিরাপত্তার দায়িত্বে থাকা সিআরপিএফ চেকপোস্টে অতর্কিতে হামলা চালায় অজ্ঞাতপরিচয় মোটরবাইক আরোহী জঙ্গিরা।
নিরাপত্তারক্ষীদের লক্ষ্য করে জঙ্গিরা এলোপাথাড়ি গুলি চালিয়ে দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। এই হামলায় তিন সিআরপিএফ জওয়ান গুরুতর আহত হয়েছেন। আহতদের মধ্যে রয়েছেন পশ্চিমবঙ্গের বাসিন্দা সন্তোষ চাঁদু, অসমের রাকেশ দাস এবং মধ্যপ্রদেশের সোমবীর সিংহ। ঘটনার পরপরই আহত জওয়ানদের উদ্ধার করে দ্রুত অনন্তনাগ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
হামলার খবর পাওয়ার পরেই গোটা এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। হামলাকারীদের খোঁজে তল্লাশি অভিযান শুরু করেছে নিরাপত্তা বাহিনী। এই ঘটনার জেরে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। আহত জওয়ানদের শারীরিক অবস্থা এবং ঘটনার বিস্তারিত তথ্যের অপেক্ষায় রয়েছে প্রশাসন।