ভাইফোঁটার পর আবহাওয়ায় বড় বদল, ঘূর্ণিঝড়ের আশঙ্কার মাঝেই রাজ্যে নামবে পারদ

ভাইফোঁটার পর আবহাওয়ায় বড় বদল, ঘূর্ণিঝড়ের আশঙ্কার মাঝেই রাজ্যে নামবে পারদ

ভাইফোঁটার দিন থেকেই দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত চলছে। দক্ষিণ-পূর্ব বাংলাদেশের ওপর একটি ঘূর্ণাবর্ত অবস্থান করায় এই বৃষ্টির অনুকূল পরিস্থিতি তৈরি হয়েছে। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, বুধবারের পাশাপাশি বৃহস্পতিবারও রাজ্যজুড়ে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে শুক্রবার থেকে আকাশ পরিষ্কার হতে শুরু করবে এবং দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আবহাওয়া মূলত শুষ্ক থাকবে।

এদিকে বঙ্গোপসাগরে ফের নতুন একটি ঘূর্ণিঝড় তৈরির সম্ভাবনা নিয়ে জল্পনা শুরু হয়েছে। নভেম্বরের মাঝামাঝি সময়ে সমুদ্রে একটি শক্তিশালী ঘূর্ণাবর্ত তৈরি হতে পারে, যা পরবর্তীতে গভীর নিম্নচাপ বা ঘূর্ণিঝড় ‘আকভান’-এ পরিণত হওয়ার আশঙ্কা রয়েছে। তবে এই সম্ভাব্য ঘূর্ণিঝড়টি কোন পথে এগোবে বা বাংলায় এর প্রভাব কতটা পড়বে, তা নিয়ে এখনই নিশ্চিত করে কিছু জানায়নি হাওয়া অফিস।

বৃষ্টির দাপট কমতেই রাজ্যে শীতের আমেজ শুরু হতে চলেছে। আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, শনিবার থেকে উত্তর ও দক্ষিণবঙ্গ উভয় ক্ষেত্রেই তাপমাত্রা কমতে শুরু করবে। আগামী দু’দিনের মধ্যে রাতের তাপমাত্রা ২ থেকে ৪ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত নামতে পারে। কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় সর্বনিম্ন তাপমাত্রা ২০ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি পৌঁছাতে পারে। তবে জাঁকিয়ে শীতের জন্য নভেম্বরের শেষ সপ্তাহ পর্যন্ত অপেক্ষা করতে হবে রাজ্যবাসীকে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *