পাঞ্জাব বিধানসভা নির্বাচন: বৃহস্পতিবারই আসতে পারে আম আদমি পার্টির দ্বিতীয় প্রার্থী তালিকা

পাঞ্জাব বিধানসভা নির্বাচনের জন্য আম আদমি পার্টি তাদের দ্বিতীয় প্রার্থী তালিকা প্রকাশের প্রস্তুতি নিচ্ছে। প্রার্থীদের নাম চূড়ান্ত করতে বৃহস্পতিবার দলের সর্বোচ্চ সিদ্ধান্ত গ্রহণকারী সংস্থা পলিটিক্যাল অ্যাফেয়ার্স কমিটির (পিএসি) বৈঠক ডাকা হয়েছে। এই বৈঠকের আগে পাঞ্জাবের মুখ্যমন্ত্রী ভগবন্ত মান দলের জাতীয় আহ্বায়ক অরবিন্দ কেজরিওয়াল এবং পাঞ্জাব ইনচার্জ মনীশ সিসোদিয়ার সঙ্গে আলোচনা করবেন। দলীয় সূত্রে খবর, বৃহস্পতিবার সন্ধ্যায় কেজরিওয়ালের বাসভবনে পিএসি-র বৈঠকের পরই নতুন তালিকা আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হতে পারে।
দলের অভ্যন্তরীণ সূত্র অনুযায়ী, দ্বিতীয় তালিকায় বেশ কিছু নতুন মুখকে সুযোগ দেওয়া হতে পারে। সমীক্ষার ফলাফলের ভিত্তিতে কিছু বর্তমান বিধায়ককে বাদ দিয়ে নতুন প্রার্থীদের টিকিট দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে দল। এর আগে ৩১ অক্টোবর আম আদমি পার্টি তাদের প্রথম প্রার্থী তালিকা প্রকাশ করেছিল, যেখানে মুখ্যমন্ত্রী ভগবন্ত মান সহ ৪০ জন বর্তমান বিধায়কের নাম ছিল। প্রথম তালিকা প্রকাশের সময় মুখ্যমন্ত্রী জানিয়েছিলেন যে নতুনদেরও নির্বাচনে লড়াইয়ের সুযোগ দেওয়া হবে।
উল্লেখ্য, ২০২২ সালের বিধানসভা নির্বাচনে পাঞ্জাবের ১১৭টি আসনের মধ্যে ৯২টিতে জয়লাভ করে আম আদমি পার্টি। ২০২৭ সালের আসন্ন নির্বাচনকে সামনে রেখে এখন থেকেই রণকৌশল সাজাচ্ছে দলটি। প্রথম তালিকায় ধুরি থেকে ভগবন্ত মান, কোটকাপুরার বিধায়ক কুলতার সিং সন্ধওয়ান এবং লুধিয়ানা পশ্চিম থেকে সঞ্জীব অরোরা সহ একাধিক মন্ত্রী ও বিধায়কের নাম ঘোষণা করা হয়েছিল। এখন দ্বিতীয় তালিকায় কাদের জায়গা হয়, সেদিকেই নজর রয়েছে রাজনৈতিক মহলের।