যাদবপুরে তোলাবাজির অভিযোগে গ্রেপ্তার কলকাতা পুলিশের প্রাক্তন কর্মী

যাদবপুরে তোলাবাজির অভিযোগে গ্রেপ্তার কলকাতা পুলিশের প্রাক্তন কর্মী

যাদবপুর এলাকায় তোলাবাজির অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে কলকাতা পুলিশের এক প্রাক্তন কর্মীকে। ধৃত ব্যক্তির নাম তারক। অভিযোগ, তিনি নিজেকে পুলিশ পরিচয় দিয়ে স্থানীয় ছোট দোকানদার, ইমারতি সামগ্রীর ব্যবসায়ী এবং অটোস্ট্যান্ড থেকে জোর করে টাকা আদায় করছিলেন। দীর্ঘদিন ধরেই তাঁর বিরুদ্ধে এই ধরনের অভিযোগ উঠছিল বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে।

পুলিশ সূত্রে খবর, অভিযুক্ত তারক অতীতে কলকাতা পুলিশে কর্মরত ছিলেন। সেই সময় পাটুলি ও পঞ্চসায়র এলাকায় তাঁর বিরুদ্ধে তোলাবাজি এবং টাকা না দিলে মারধরের একাধিক অভিযোগ জমা পড়েছিল। সেই ঘটনার জেরে তাঁকে চাকরি থেকে বরখাস্ত করা হয়। কিন্তু চাকরি হারানোর পরেও তাঁর তোলাবাজির অভ্যাস বদলায়নি বলে অভিযোগ উঠেছে।

সম্প্রতি এক ব্যবসায়ী যাদবপুর থানায় অভিযোগ দায়ের করেন যে, অভিযুক্ত ব্যক্তি নিজেকে পুলিশ পরিচয় দিয়ে তাঁর কাছে আট হাজার টাকা দাবি করেন। টাকা দিতে অস্বীকার করলে ব্যবসা বন্ধ করে দেওয়ার হুমকি দেওয়া হয়। এই অভিযোগের ভিত্তিতে তদন্তে নেমে পুলিশ অভিযুক্তকে গ্রেপ্তার করেছে। ধৃতের বিরুদ্ধে তোলাবাজির ধারায় মামলা রুজু করে ঘটনার তদন্ত শুরু করেছে যাদবপুর থানা।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *