প্রয়াত মার্কিন যুক্তরাষ্ট্রে নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত আলেকজান্ডার দারচিভ

মার্কিন যুক্তরাষ্ট্রে নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত আলেকজান্ডার দারচিভ ৬৬ বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় বুধবার আনুষ্ঠানিকভাবে এই অভিজ্ঞ কূটনীতিকের মৃত্যুর খবর নিশ্চিত করেছে। মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে যে, গত ১১ নভেম্বর তিনি মারা যান। তার মৃত্যুতে রাশিয়ার কূটনৈতিক মহলে গভীর শোকের ছায়া নেমে এসেছে।
রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে দারচিভকে একজন অসামান্য কূটনীতিক, অভিজ্ঞ নেতা এবং সদয় সহকর্মী হিসেবে স্মরণ করেছে। রাশিয়ার পররাষ্ট্র নীতির অন্যতম চ্যালেঞ্জিং পোর্টফোলিও সামলানোর পাশাপাশি মার্কিন যুক্তরাষ্ট্রের বিষয়ে তিনি একজন বিশেষজ্ঞ হিসেবে পরিচিত ছিলেন। তার দীর্ঘ কর্মজীবনে তিনি ২০১৪ থেকে ২০২১ সাল পর্যন্ত কানাডায় রাশিয়ার রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালন করেছেন। এছাড়া ওয়াশিংটনে যোগ দেওয়ার আগে তিনি পররাষ্ট্র মন্ত্রণালয়ের উত্তর আটলান্টিক বিভাগের প্রধান হিসেবেও কাজ করেছেন।
২০২৫ সালের মার্চ মাসে তিনি মার্কিন যুক্তরাষ্ট্রে রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব গ্রহণ করেছিলেন। এমন এক সময়ে তিনি এই গুরুত্বপূর্ণ পদে আসীন হন, যখন ইউক্রেন ইস্যুতে মার্কিন-রাশিয়া সম্পর্কের সমীকরণ দ্রুত পরিবর্তিত হচ্ছিল। তার মৃত্যুতে রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছে। মন্ত্রণালয়ের মতে, রাশিয়ান কূটনীতিতে তার অবদান এবং স্মৃতি চিরকাল অম্লান হয়ে থাকবে।