বসিরহাটের ভ্যাবলা স্টেশনে রেললাইনে ফাটল, ব্যাহত শিয়ালদহ-হাসনাবাদ শাখার ট্রেন চলাচল

বসিরহাটের ভ্যাবলা স্টেশনের রেললাইনে ফাটল দেখা দেওয়ায় শিয়ালদহ-হাসনাবাদ শাখায় ট্রেন চলাচল দীর্ঘক্ষণ বন্ধ রইল। স্থানীয় এক ব্যক্তি লাইনে ফাটলটি প্রথম লক্ষ্য করেন এবং দ্রুত ভ্যাবলা স্টেশনের স্টেশন মাস্টারকে বিষয়টি জানান। বড় ধরনের দুর্ঘটনা এড়াতে তড়িঘড়ি ওই লাইনে ট্রেন চলাচল বন্ধ করে দেওয়া হয়।
ট্রেন চলাচল বন্ধ থাকায় আপ ও ডাউন লাইনের একাধিক স্টেশনে ট্রেন দাঁড়িয়ে পড়ে। এর ফলে অফিসমুখী নিত্যযাত্রীরা চরম ভোগান্তির শিকার হন। দীর্ঘ সময় ট্রেন চলাচল বন্ধ থাকায় অনেক যাত্রী ট্রেন থেকে নেমে বিকল্প পথে গন্তব্যে পৌঁছানোর চেষ্টা করেন। স্থানীয় ওই ব্যক্তির তৎপরতায় বড়সড় বিপদ থেকে রক্ষা পাওয়া গিয়েছে বলে মনে করছে রেল কর্তৃপক্ষ।
খবর পেয়েই রেলের উচ্চপদস্থ আধিকারিকরা ঘটনাস্থলে পৌঁছান। বর্তমানে রেললাইনের ফাটল মেরামতির কাজ চলছে। দ্রুত পরিষেবা স্বাভাবিক করার চেষ্টা চালাচ্ছে রেল। তবে দীর্ঘক্ষণ ট্রেন চলাচল বন্ধ থাকায় বেলা বাড়ার সঙ্গে সঙ্গে যাত্রীদের দুর্ভোগ ক্রমশ বাড়ছে।