অরবিন্দ কেজরিওয়াল ও তাঁর মেয়েকে খুনের হুমকি, দাবি ৭ কোটি টাকা

অরবিন্দ কেজরিওয়াল ও তাঁর মেয়েকে খুনের হুমকি, দাবি ৭ কোটি টাকা

দিল্লি পুলিশের কাছে অভিযোগ দায়ের হয়েছে যে, আম আদমি পার্টির প্রধান অরবিন্দ কেজরিওয়াল ও তাঁর মেয়ে হর্ষিতাকে খুনের হুমকি দেওয়া হয়েছে। গত ৬ নভেম্বর তিলক নগরের আপ বিধায়ক জার্নেল সিংয়ের কাছে একটি ফোন কল ও হোয়াটসঅ্যাপ মেসেজ আসে। সেখানে নিজেকে কুখ্যাত লরেন্স বিষ্ণোই গ্যাংয়ের সদস্য বলে পরিচয় দিয়ে ৭ কোটি টাকা তোলা দাবি করা হয়েছে। টাকা না দিলে অরবিন্দ কেজরিওয়াল ও তাঁর মেয়েকে প্রাণে মেরে ফেলার হুমকি দেওয়া হয়েছে।

এই ঘটনার পর থেকেই রাজনৈতিক মহলে চাঞ্চল্য ছড়িয়েছে। আম আদমি পার্টির পক্ষ থেকে কেজরিওয়াল ও তাঁর পরিবারের নিরাপত্তা বাড়ানোর দাবি জানানো হয়েছে। পুলিশ ইতিমধ্যেই অভিযুক্তের ব্যবহৃত মোবাইল নম্বর, কল ডিটেলস, আইপি লগ এবং লোকেশন সংক্রান্ত তথ্য খতিয়ে দেখছে। এই হুমকির নেপথ্যে সত্যিই বিষ্ণোই গ্যাংয়ের কোনো যোগ রয়েছে, নাকি কেউ গ্যাংয়ের নাম ব্যবহার করে ভয় দেখানোর চেষ্টা করছে, তা তদন্ত করে দেখা হচ্ছে।

সাম্প্রতিক সময়ে বলিউডের একাধিক অভিনেতাকেও লরেন্স বিষ্ণোই গ্যাংয়ের নাম করে তোলাবাজির হুমকি দেওয়ার ঘটনা সামনে এসেছে। আয়ুষ্মান খুরানা ও তুষার কাপুরের কাছে টাকা চেয়ে হুমকি-বার্তা পাঠানোর অভিযোগে বেঙ্গালুরুর এক আইটি কর্মীকে গ্রেফতার করেছিল মুম্বই পুলিশ। তদন্তে জানা গিয়েছিল, ওই ব্যক্তি বিষ্ণোই গ্যাংয়ের সঙ্গে যুক্ত বলে ভুয়ো পরিচয় দিয়েছিলেন। কেজরিওয়ালের ক্ষেত্রেও বিষয়টি একই কি না, তা নিশ্চিত করতে তদন্ত চালাচ্ছে পুলিশ।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *