নিউইয়র্কের ব্রুকলিনে ভেঙে পড়ল তিনতলা ভবন, আহত ১৯

নিউইয়র্কের ব্রুকলিনের ফ্ল্যাটবুশ এলাকায় বুধবার বিকেলে একটি তিনতলা আবাসন আচমকাই ভেঙে পড়ার ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। স্থানীয় সময় বিকেল ৪টে নাগাদ ফ্ল্যাটবুশ অ্যাভিনিউয়ের কাছে অবস্থিত ভবনটি ভেঙে পাশের একটি নির্মাণস্থলের গর্তে পড়ে যায়। ঘটনার সময় আবাসনের ভেতরে বেশ কয়েকজন মানুষ উপস্থিত ছিলেন বলে জানা গেছে। খবর পেয়েই দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় নিউইয়র্ক সিটি ফায়ার ডিপার্টমেন্টের কর্মীরা।
দমকল বাহিনীর তথ্য অনুযায়ী, এই দুর্ঘটনায় এখন পর্যন্ত ১৯ জন আহত হয়েছেন, যাদের মধ্যে সাতজন শিশু রয়েছে। আহতদের দ্রুত উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। মেয়র জোহরান মামদানি জানিয়েছেন, আহতদের মধ্যে কয়েকজনের শারীরিক অবস্থা আশঙ্কাজনক। উদ্ধারকাজে ড্রোন এবং প্রশিক্ষিত কুকুর ব্যবহার করা হয়েছে। অন্ধকার নেমে আসার পরেও টর্চের আলোয় ধ্বংসস্তূপের নিচে তল্লাশি চালানো হয়। উদ্ধার অভিযানে একজন দমকলকর্মীও সামান্য আহত হয়েছেন।
কর্তৃপক্ষের দাবি, উদ্ধার ও অনুসন্ধান অভিযান আগামী কয়েকদিন ধরে চলবে। তবে ঠিক কী কারণে আচমকা এই বহুতলটি ভেঙে পড়ল, তা এখনও স্পষ্ট নয়। স্থানীয় সূত্রে জানা গেছে, ভবনটির পাশেই একটি নির্মাণস্থলে খননকাজ চলছিল। এই খননকার্যের সঙ্গে ভবন ধসের কোনো যোগসূত্র রয়েছে কি না, তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা। ঘটনার পর থেকে পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে এবং উদ্ধারকাজ জোরদার করা হয়েছে।