কুলগামে জঙ্গি হামলার দুদিন আগে জওয়ানদের হুমকি দিয়েছিল এক কিশোর, শুরু তল্লাশি

জম্মু ও কাশ্মীরের কুলগামে জঙ্গি হামলার দুদিন আগে এক নাবালক সিআরপিএফ জওয়ানদের হুমকি দিয়েছিল বলে অভিযোগ। দশম শ্রেণির ছাত্র বলে অনুমান করা ওই কিশোর চেকপোস্টে দাঁড়িয়ে জওয়ানদের উদ্দেশ্যে বলেছিল, ‘হাম তুমহে ছোড়েঙ্গে নেহি’। সেই সময় নিরাপত্তা কর্মীরা বিষয়টিকে গুরুত্ব না দিলেও, হামলার ঘটনার পর নড়েচড়ে বসেছে প্রশাসন। ওই কিশোরের হুমকির সঙ্গে হামলার কোনো যোগসূত্র রয়েছে কি না, তা খতিয়ে দেখতে পুলিশ তাকে শনাক্ত করার চেষ্টা চালাচ্ছে।
তদন্তে জানা গেছে, বুধবার দুপুর ২টো ১৫ মিনিট নাগাদ শ্রীনগর থেকে প্রায় ৭৫ কিলোমিটার দূরে মীর বাজারের কাছে জাতীয় সড়কের চেকপোস্টে এই হামলা চালানো হয়। প্রাথমিক রিপোর্টে বাইক ব্যবহারের কথা শোনা গেলেও, তদন্তে নিশ্চিত হওয়া গেছে যে জঙ্গিরা কোনো যানবাহন ব্যবহার করেনি। পোস্ট থেকে ৫০ মিটার দূরে ঘন জঙ্গল থেকে হেঁটে বেরিয়ে এসে দুই জঙ্গি এলোপাথাড়ি গুলি চালায় এবং পরে নওপুরের দিকে পালিয়ে যায়।
ঘটনাস্থল থেকে একটি মোবাইল ফোন ও সিম কার্ড উদ্ধার করেছেন তদন্তকারীরা। এছাড়া সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে জঙ্গিদের গতিবিধি চিহ্নিত করার চেষ্টা চলছে। নিরাপত্তা সংস্থাগুলোর প্রবল সন্দেহ, এই হামলার নেপথ্যে রয়েছে নিষিদ্ধ জঙ্গি সংগঠন লস্কর-ই-তৈবার স্থানীয় কমান্ডার মহম্মদ লতিফ ভাট। গত জুলাই মাসে সোপিয়ানে নিরাপত্তা বাহিনীর অভিযান থেকে সে পালিয়ে গিয়েছিল বলে জানা গেছে।