সুমিত রায়ের জামিন মামলা: আপাতত মিলল না রক্ষাকবচ
অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্তসহায়ক সুমিত রায়ের একাধিক ফৌজদারি মামলায় গ্রেপ্তারির আশঙ্কা ঘিরে দায়ের হওয়া আবেদনে কোনও অন্তর্বর্তী সুরক্ষা দিল না কলকাতা হাইকোর্ট। বৃহস্পতিবার সুমিতের জামিন সংক্রান্ত আবেদনে রক্ষাকবচ চাওয়া হলেও আদালত তা মঞ্জুর করেনি। মামলার পরবর্তী শুনানির দিন ধার্য হয়েছে আগামী সোমবার।
বৃহস্পতিবার বিচারপতি সৌগত ভট্টাচার্যের এজলাসে মামলাটি ওঠে। সুমিতের হয়ে সওয়াল করেন সিনিয়র আইনজীবী অয়ন ভট্টাচার্য। তাঁর আবেদন ছিল, যে সমস্ত ফৌজদারি মামলায় এখনও সুমিতকে অভিযুক্ত করা হয়নি, সেই মামলাগুলিতে আপাতত তাঁকে সুরক্ষা দেওয়া হোক। নতুন করে কোনও মামলায় তাঁকে জড়ানো বা গ্রেপ্তারের আশঙ্কা থেকে অন্তর্বর্তী রক্ষাকবচের আর্জি জানান তিনি।
অন্য দিকে, রাজ্যের হয়ে অতিরিক্ত অ্যাডভোকেট জেনারেল রাজদীপ মজুমদার শুনানির জন্য সময় চান। দু’পক্ষের বক্তব্য শোনার পরে বিচারপতি জানান, আবেদনে ওঠা বিষয়গুলি বিস্তারিত বিবেচনার প্রয়োজন রয়েছে। তাই এই মুহূর্তে অন্তর্বর্তী সুরক্ষা দেওয়া সম্ভব নয়।