আবাস যোজনায় দ্বিতীয় কিস্তির টাকা প্রদান শুরু, উপভোক্তাদের জন্য বিশেষ সুবিধার ঘোষণা

রাজ্য সরকার আবাস যোজনার কিস্তির টাকা দেওয়া শুরু করেছে। তবে নির্মাণসামগ্রীর দাম যেভাবে বেড়েছে, তাতে এই অর্থে বাড়ি তৈরি করা যথেষ্ট কঠিন বলে স্বীকার করেছেন মুখ্যমন্ত্রী। সেই কারণে উপভোক্তাদের জন্য বালির দাম নিয়ন্ত্রণে রাখার নির্দেশ দেওয়া হয়েছে। জেলাশাসকদের বলা হয়েছে, আবাস যোজনার সুবিধাভোগীরা যাতে প্রতি ১২০০ টাকার বেশি দামে বালি কিনতে বাধ্য না হন, তা নিশ্চিত করতে হবে।

পাশাপাশি বাড়তি সুবিধা হিসেবে উপভোক্তাদের প্রধানমন্ত্রী সূর্যঘর প্রকল্পের আওতায় আনার উদ্যোগ নেওয়া হয়েছে। তবে এই সুবিধা নিতে হবে সংশ্লিষ্ট উপভোক্তার সম্মতির ভিত্তিতে। প্রকল্পের আওতায় ১০০ ইউনিট বিদ্যুতের জন্য ৩০ হাজার টাকা, ২০০ ইউনিটের জন্য ৬০ হাজার টাকা এবং ৩০০ ইউনিটের জন্য সর্বোচ্চ ৭৮ হাজার টাকা পর্যন্ত ভর্তুকির সুযোগ রয়েছে। তফসিলি জাতি ও উপজাতিভুক্ত উপভোক্তারা এর সঙ্গে অতিরিক্ত ১৫ হাজার টাকা ভর্তুকি পাবেন বলেও জানানো হয়েছে।

এখানেই শেষ নয়, বাড়িতে শৌচালয় তৈরির জন্য স্বচ্ছ ভারত মিশনের আওতায় ১২ হাজার টাকা দেওয়ার কথা জানিয়েছেন মুখ্যমন্ত্রী। পাশাপাশি অতিরিক্ত ৩০ হাজার টাকা দেওয়া হবে বলেও জানানো হয়েছে। রাজ্য সরকারের হিসাব অনুযায়ী, এই প্রকল্পে মোট উপভোক্তার সংখ্যা ১৭ লক্ষ ২০ হাজার। আগে এই প্রকল্পের নাম ছিল ‘বাংলার বাড়ি’। কেন্দ্রীয় অর্থ বরাদ্দ নিয়ে টানাপোড়েনের জেরে তৃণমূল সরকারের নিজস্ব উদ্যোগে প্রকল্পটি চালু হয়েছিল। বর্তমানে ‘পশ্চিমবঙ্গ আবাস যোজনা’ নামে সেই প্রকল্পের কাজ এগিয়ে নিয়ে যাচ্ছে নতুন সরকার।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *