নিউ টাউনে ডিউটি শেষে বাথরুমে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু নিরাপত্তারক্ষীর

নিউ টাউনের সেন্ট্রাল মলের সামনে ওয়াচ টাওয়ারে রাতের নিরাপত্তার দায়িত্বে থাকা এক ব্যক্তির দেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। মৃত ব্যক্তির নাম সুলগ্ন দে, তাঁর বয়স আনুমানিক ৩৪ থেকে ৩৫ বছর।

সহকর্মীদের সূত্রে জানা গিয়েছে, বৃহস্পতিবার রাতে ওয়াচ টাওয়ারে নিরাপত্তার দায়িত্বে ছিলেন সুলগ্ন। শুক্রবার ভোরে ডিউটি শেষ করে তিনি বাথরুমে যান। বাথরুমে জল না থাকায় পাম্প চালাতে গিয়েই বিপত্তি ঘটে। অভিযোগ, পাম্পের কাছেই রাজ্য বিদ্যুৎ দপ্তরের একটি তার অসুরক্ষিত অবস্থায় পড়ে ছিল। সেই খোলা তারের সংস্পর্শে এসেই তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন বলে প্রাথমিক অনুমান।

সকালের ডিউটিতে থাকা অন্য নিরাপত্তারক্ষীরা তাঁকে উদ্ধার করে দ্রুত বিধাননগর মহকুমা হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসকরা তাঁকে মৃত ঘোষণা করেন। এই ঘটনায় নিউ টাউন থানার পুলিশ তদন্ত শুরু করেছে। পাশাপাশি, ডব্লিউবিএসইডিসিএল (WBSEDCL)-এর তরফেও পৃথক তদন্ত করা হবে বলে জানা গিয়েছে।

ওয়াচ টাওয়ারের মতো গুরুত্বপূর্ণ স্থানে কী ভাবে অসুরক্ষিত অবস্থায় বিদ্যুৎবাহী তার পড়ে ছিল, তা নিয়ে প্রশ্ন উঠছে। নিরাপত্তারক্ষীদের কাজের জায়গায় পর্যাপ্ত সুরক্ষা ব্যবস্থা ছিল কি না, তা নিয়েও উঠছে প্রশ্ন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *