বিনিয়োগে গতি আনতে কড়া নির্দেশ নবান্নের, নির্দিষ্ট সময়ে কাজ না হলে স্বয়ংক্রিয় অনুমোদন

রাজ্যে বিনিয়োগের ক্ষেত্রে লাল ফিতের ফাঁস যাতে কাঁটা হয়ে না দাঁড়ায়, তা নিশ্চিত করতে কড়া অবস্থান নিল নবান্ন। মুখ্যসচিব মনোজ আগরওয়াল এক নির্দেশিকায় স্পষ্ট জানিয়েছেন, বিভিন্ন আইন ও নিয়ম মেনে নির্দিষ্ট সময়ের মধ্যে কোনো আবেদন নিষ্পত্তি না হলে, তা স্বয়ংক্রিয়ভাবে মঞ্জুর বলে ধরে নেওয়া হবে।

নির্দেশিকায় বলা হয়েছে, ভারপ্রাপ্ত আধিকারিক নির্দিষ্ট সময়ের মধ্যে কাজ সম্পন্ন করতে না পারলে তা তাঁর ব্যর্থতা হিসেবে গণ্য হবে। এর জন্য জরুরি ভিত্তিতে সংশ্লিষ্ট আধিকারিকের কাছ থেকে জবাবদিহি চাওয়া হবে। ২০১৩ সালে চালু হওয়া ‘পশ্চিমবঙ্গ জনপরিষেবা প্রাপ্তির অধিকার আইন’ থাকা সত্ত্বেও সরকারি দপ্তরে কাজের গতি নিয়ে শিল্পমহলের অভিযোগ ছিল। সেই পরিস্থিতি বদলাতেই এই পদক্ষেপ।

মুখ্যসচিবের নির্দেশ অনুযায়ী, কালীপুজোর ছুটির মধ্যেই রাজ্যের সমস্ত দপ্তরকে নির্ধারিত সময়ের মধ্যে সরকারি পরিষেবা সংক্রান্ত আবেদনের নিষ্পত্তি করতে হবে। অন্যথায় সংশ্লিষ্ট আধিকারিককে শো-কজ করা হবে এবং নোটিস পাওয়ার ১৫ দিনের মধ্যে তার জবাব দিতে হবে। সেই জবাবের ভিত্তিতেই পরবর্তী শাস্তিমূলক পদক্ষেপ নেওয়া হবে।

প্রশাসনের নজরদারি বজায় রাখতে প্রতিটি দপ্তরকে প্রতি মাসের ১০ তারিখের মধ্যে রিপোর্ট জমা দিতে হবে। সেখানে আগের মাসে স্বয়ংক্রিয়ভাবে মঞ্জুর হওয়া আবেদনের সংখ্যা এবং নির্দিষ্ট সময়ে কাজ না হওয়ায় কতজনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে, তা উল্লেখ করতে হবে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *