আবাস যোজনার ভুয়ো উপভোক্তাদের টাকা ফেরাতে ডেডলাইন বেঁধে দিলেন শুভেন্দু অধিকারী

রাজ্যের গ্রামীণ আবাস যোজনা ‘বাংলার বাড়ি’ প্রকল্পে স্বচ্ছতা বজায় রাখতে কড়া অবস্থান নিল সরকার। পূর্বতন তৃণমূল সরকারের আমলে এই প্রকল্পের টাকা যে সমস্ত ভুয়ো উপভোক্তারা নিয়েছেন, তাঁদের কাছ থেকে সেই অর্থ ফেরাতে পঞ্চায়েত দপ্তরকে নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তিনি স্পষ্ট জানিয়েছেন, ডিসেম্বরের মধ্যে টাকা ফেরত না দিলে জানুয়ারি মাসে সংশ্লিষ্ট উপভোক্তাদের বিরুদ্ধে এফআইআর দায়ের করতে হবে।

সূত্রের খবর, ‘বাংলার বাড়ি’ প্রকল্পের তথ্য যাচাই পর্বে রাজ্যে ১২ হাজারের বেশি ভুয়ো উপভোক্তার সন্ধান মিলেছে। এঁরা কেউই গ্রামীণ গরিব মানুষের জন্য আবাস যোজনার টাকা পাওয়ার যোগ্য নন। অভিযোগ, নিজস্ব পাকা বাড়ি থাকা সত্ত্বেও অনেকে তৃণমূল জমানায় এক বা একাধিকবার টাকা তুলেছেন, আবার অনেকে টাকা নিলেও বাড়ি তৈরি করেননি।

উল্লেখ্য, মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী থাকাকালীন প্রধানমন্ত্রী আবাস যোজনার অর্থ অপচয় ও দুর্নীতি নিয়ে কেন্দ্রীয় সরকার প্রশ্ন তুলেছিল। সদুত্তর না মেলায় ২০২২ সালের ৯ মার্চ থেকে কেন্দ্র পশ্চিমবঙ্গের জন্য এই প্রকল্পের অর্থ বরাদ্দ বন্ধ করে দেয়। সেই সময় রাজ্য সরকার ‘বাংলার বাড়ি’ নামে নতুন প্রকল্প ঘোষণা করে নিজস্ব কোষাগার থেকে টাকা বিলি শুরু করে।

রাজ্যে সরকার পরিবর্তনের পর এই প্রকল্পের নাম বদলে রাখা হয়েছে ‘পশ্চিমবঙ্গ আবাস’। বর্তমানে কেন্দ্রীয় সরকারও প্রধানমন্ত্রী আবাস যোজনার জন্য পুনরায় টাকা বরাদ্দ করেছে। গত ১৪ জুলাই কেন্দ্রীয় গ্রামোন্নয়নমন্ত্রী শিবরাজ সিং চৌহান বাংলায় নতুন করে এক লক্ষ বাড়ির জন্য অর্থ মঞ্জুর করেছেন।

এদিকে, শুক্রবার নবান্ন সভাঘরে আয়োজিত এক অনুষ্ঠানে রাজ্য সরকার ‘পশ্চিমবঙ্গ আবাস’ যোজনার আরও সাত লক্ষ উপভোক্তার ব্যাঙ্ক অ্যাকাউন্টে দ্বিতীয় কিস্তির ৬০ হাজার টাকা করে তুলে দেবে। এর আগে প্রথম পর্যায়ে যাচাই প্রক্রিয়া শেষে ১০ লক্ষ ২০ হাজার উপভোক্তাকে এই কিস্তির টাকা দেওয়া হয়েছিল।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *