১৩ বছরের লড়াইয়ের স্মৃতিচারণ সায়কের, ফিরে দেখলেন ইন্ডাস্ট্রিতে শুরুর দিনগুলো

অভিনেতা সায়ক চক্রবর্তী বরাবরই নানা কারণে চর্চায় থাকেন। ট্রোলিং থেকে শুরু করে জীবনের নানা উত্থান-পতন—সবই সামলেছেন তিনি। সম্প্রতি ‘বিগ বস’-এর ঘর থেকে ফেরার পর ইন্ডাস্ট্রিতে নিজের শুরুর দিনগুলোর কথা স্মরণ করলেন অভিনেতা।
২০১৩ সালের একটি ছবি শেয়ার করে সায়ক জানান, সেই সময় তিনি জুনিয়র আর্টিস্ট হিসেবে কাজ করতেন। সায়কের কথায়, সেই সময় হিরো-হিরোইনদের সঙ্গে ছবি তোলার জন্য অনেক চেষ্টা করতেন তিনি। যদিও অনেক সময় তা সম্ভব হতো না। সিরিয়ালে জুনিয়র আর্টিস্ট হিসেবে একদম পিছনে ঝাপসা অবস্থায় দেখা যেত তাঁকে। আত্মীয়দের বলতেন তাঁকে দেখার জন্য, কিন্তু পরদিন উত্তর আসত, ‘নারে বাবু খুঁজে পেলাম না তোকে’। সায়ক জানান, তিনি নিজেকে ঠিকই দেখতে পেতেন কারণ তিনি জানতেন তিনি কোথায় দাঁড়িয়ে আছেন।
সেই সময়ের স্মৃতিচারণ করতে গিয়ে অভিনেতা রাজীব বোসের সঙ্গে তোলা একটি ছবির কথা উল্লেখ করেন সায়ক। ‘মেঘের পালক’ সিরিয়ালের সেটে রাজীব বোসের সঙ্গে ছবি তোলার সেই মুহূর্তের কথা বলতে গিয়ে সায়ক জানান, টেনশনে তিনি হাসতেই ভুলে গিয়েছিলেন।
২০১৩ সালের সেই ছবির পাশাপাশি ২০২৬ সালের একটি ছবিও শেয়ার করেছেন সায়ক। গত ১৩ বছরের লড়াইয়ের কথা বলতে গিয়ে তিনি জানান, অ্যাসবেস্টারের বাড়ি থেকে নিজের ফ্ল্যাট কেনা, মায়ের হারিয়ে যাওয়া গয়না ফিরিয়ে দেওয়া কিংবা সংসার চালানো—সবই তিনি করেছেন। এই দীর্ঘ পথচলায় যারা তাঁর পাশে থেকেছেন, তাঁদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন অভিনেতা।