ডিজেলের দাম লিটারে ৫০ টাকা বাড়তে পারত, ৪৩ টাকার বোঝা সরকার বহন করেছে: মোদী

পশ্চিম এশিয়ার সংঘাতের জেরে পেট্রল ও ডিজেলের সরবরাহ ব্যাহত হওয়ায় আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম ব্যারেল প্রতি ৭০ ডলার থেকে বেড়ে ১২২ ডলারে পৌঁছেছিল। বৃহস্পতিবার ইন্ডিয়া টুডের ‘কিষান তক ভারত এগ্রিকালচার কনফারেন্স ২০২৬’-এ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দাবি করেন, এই পরিস্থিতিতে ডিজেলের দাম লিটারে অন্তত ৫০ টাকা পর্যন্ত বাড়ানো যেত। তবে কৃষক ও সাধারণ মানুষের কথা ভেবে সরকার মাত্র ৭ টাকা দাম বাড়িয়েছে এবং বাকি ৪৩ টাকার বোঝা নিজেদের কাঁধে তুলে নিয়েছে।

চলতি বছরের ফেব্রুয়ারিতে আমেরিকা ও ইজরায়েলের হামলায় হরমুজ প্রণালী বন্ধ হয়ে যাওয়ায় জ্বালানি সরবরাহে টান পড়ে। মোদীর কথায়, জ্বালানির দাম নিয়ন্ত্রণে রাখতে কেন্দ্রকে প্রতি মাসে প্রায় ১৪ হাজার কোটি টাকার বোঝা বহন করতে হচ্ছে। প্রতিবেশী দেশগুলো যেখানে ডিজেলের দাম ৪০ থেকে ৫০ শতাংশ পর্যন্ত বাড়িয়েছে, সেখানে ভারত সরকার তা নিয়ন্ত্রণ করেছে বলে তিনি জানান।

সারের দাম নিয়েও প্রধানমন্ত্রী গুরুত্বপূর্ণ তথ্য তুলে ধরেন। তিনি দাবি করেন, গত ১২ বছরে কৃষকদের কম দামে সার সরবরাহ করতে কেন্দ্র ১৬ লক্ষ কোটি টাকা খরচ করেছে। আন্তর্জাতিক বাজারে এক বস্তা ডিএপি সারের দাম প্রায় ৫ হাজার টাকা হলেও ভারতীয় কৃষকরা তা ১,৩০০ টাকায় পাচ্ছেন। একইভাবে ইউরিয়ার ক্ষেত্রেও আন্তর্জাতিক দামের তুলনায় অনেক কম মূল্যে তা কৃষকদের হাতে তুলে দেওয়া হচ্ছে।

কৃষি ও অর্থনীতির অগ্রগতির খতিয়ান তুলে ধরে মোদী জানান, স্বাধীনতার পর এই প্রথম দেশে কৃষির বার্ষিক বৃদ্ধির হার ৪ শতাংশ ছাড়িয়েছে। এছাড়া বিশ্বব্যাঙ্কের সমীক্ষার উল্লেখ করে তিনি দাবি করেন, গত ১২-১৩ বছরে ভারতের প্রায় ৫০ কোটি মানুষ দারিদ্র্যসীমার বাইরে বেরিয়ে এসেছেন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *