শিলিগুড়িতে পরিত্যক্ত ব্যাগ ঘিরে বোমাতঙ্ক, সোশ্যাল মিডিয়ায় গুজব ছড়ানো নিয়ে সতর্কবার্তা
শিলিগুড়ির প্রধাননগর থানার মিলনমোড় বিএড কলেজ সংলগ্ন এলাকায় একটি দাবিদারহীন ট্রলি ব্যাগ পড়ে থাকতে দেখে বোমাতঙ্ক ছড়ায়। খবরটি দ্রুত সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়লে ঘটনাস্থলে ভিড় বাড়তে থাকে। পরে পুলিশের তল্লাশিতে ব্যাগটির ভেতর থেকে শুধুমাত্র জামাকাপড় উদ্ধার হয়। তবে ব্যাগের মালিকের খোঁজ মেলেনি এবং কেন সেটি ফেলে রাখা হয়েছিল, তা খতিয়ে দেখছে পুলিশ।
শিলিগুড়ির পুলিশ কমিশনার সৈয়দ ওয়াকার রাজা জানান, সন্দেহজনক কিছু দেখলে পুলিশকে জানানো জরুরি। তবে বিষয়গুলিকে অতিরঞ্জিত করা কতটা যুক্তিযুক্ত, তা নিয়ে প্রশ্ন তুলেছেন পুলিশ প্রশাসনের কর্তারা। তাঁদের মতে, অযথা আতঙ্ক ছড়ালে সাধারণ মানুষের মধ্যে প্যানিক তৈরি হয়, যা কাম্য নয়।
শিলিগুড়িতে এমন ঘটনা নতুন নয়। এর আগে মাটিগাড়ার পাসপোর্ট অফিসে বোমা রাখার হুমকি, ফুলবাড়িতে পরিত্যক্ত স্কুটার বা হাসপাতাল মোড়ে সবজির খোসাভর্তি ব্যাগ ঘিরে বোমাতঙ্কের মতো একাধিক ঘটনা ঘটেছে। বম্ব স্কোয়াডের এক আধিকারিকের মতে, সোশ্যাল মিডিয়ায় না জেনেই তথ্য ছড়িয়ে পড়লে উদ্ধারকাজ ব্যাহত হয় এবং ঘটনাস্থলে ভিড় বাড়ায় বিপদের আশঙ্কা তৈরি হয়।