নেহরুর ধর্মনিরপেক্ষতার ধারণা ও রাষ্ট্রভাবনা

১৯৫২ সালের প্রথম সাধারণ নির্বাচনে কংগ্রেসের মূল স্লোগান ছিল ‘স্থায়ী, ধর্মনিরপেক্ষ ও উন্নয়নশীল সরকার’। পণ্ডিত জওহরলাল নেহরু বিশ্বাস করতেন, ভারতের মতো বহুত্ববাদী দেশে একটি স্থায়ী সরকার গঠনের পূর্বশর্ত হলো ধর্মনিরপেক্ষতা। তাঁর মতে, রাজনীতি ও রাষ্ট্রব্যবস্থা থেকে ধর্মকে আলাদা রাখা এবং সহনশীলতা বজায় রাখাই ছিল এর মূল ভিত্তি। নেহরু মনে করতেন, ভারতের ধর্মনিরপেক্ষতা টিকে থাকা নির্ভর করে সংখ্যাগুরু সম্প্রদায়ের সংখ্যালঘুদের প্রতি সহনশীলতার ওপর।
বিজ্ঞানমনস্ক নেহরু ব্যক্তিগত জীবনে ধর্মকে মানুষের একান্ত নিজস্ব বিষয় বলে মনে করতেন। তিনি বিশ্বাস করতেন, সমষ্টিগত ধর্মাচরণ প্রগতির পরিপন্থী। নিজের ধর্মনিরপেক্ষ দৃষ্টিভঙ্গি সম্পর্কে তিনি বলেছিলেন, তিনি জন্মের কারণে হিন্দু, সংস্কৃতিমনস্কতায় মুসলিম এবং শিক্ষাদীক্ষায় খ্রিস্টান। ১৯৪৯ সালে ফৈজাবাদের বাবরি মসজিদে মূর্তি স্থাপনের ঘটনার পর তিনি তা তালাবন্ধ করার নির্দেশ দিয়েছিলেন। আবার ১৯৫১ সালে সোমনাথ মন্দিরের প্রাণপ্রতিষ্ঠা অনুষ্ঠানে রাষ্ট্রপতি রাজেন্দ্র প্রসাদের যোগদানের সিদ্ধান্তের বিরোধিতা করেছিলেন তিনি।
হিন্দু কোড বিলের মাধ্যমে তিনি ধর্মকে প্রগতিশীল ও যুক্তিবাদী করার চেষ্টা করেছিলেন। তবে মুসলিম সম্প্রদায়ের সম্মতির অপেক্ষায় তিনি অভিন্ন দেওয়ানি বিধি কার্যকর করা থেকে বিরত ছিলেন। নেহরু বিশ্বাস করতেন, ধর্ম কখনোই জাতীয়তাবোধের সমার্থক নয়। তাঁর মতে, ধর্মনিরপেক্ষতার প্রতি ভারতীয় জনগণের আস্থা যতদিন অটুট থাকবে, ততদিনই ভারতীয় গণতন্ত্র সুরক্ষিত থাকবে। ১৯৫৫ সালে চার্চিল তাঁকে ‘এশিয়ার আলোকবর্তিকা’ হিসেবে অভিহিত করেছিলেন।