মেদিনীপুরের বাজারে এখন মৌঢাল ছাতুর কদর, কেন জনপ্রিয় এই ছত্রাক?
গোল আকৃতির মসৃণ ও চকচকে মৌঢাল ছাতু এখন মেদিনীপুরের বাজারে বেশ জনপ্রিয় হয়ে উঠেছে। কলেজ রোড, রাজাবাজার, গেটবাজার ও কোতোয়ালি বাজারসহ শহরের বিভিন্ন এলাকায় বিক্রেতারা এই ছাতু নিয়ে পসরা সাজিয়ে বসেছেন। বিক্রেতাদের দাবি, প্রতিদিন গড়ে পাঁচ থেকে ছয় কেজি বা তারও বেশি ছাতু বিক্রি হচ্ছে।
পশ্চিম মেদিনীপুরের জঙ্গলমহল এলাকায় মূলত শাল ও মহুয়া গাছের তলায় এই ছত্রাক জন্মায়। স্থানীয়দের মতে, মহুয়া গাছের ঝরা পাতা পচে যে পরিবেশ তৈরি হয়, সেখানেই এই ছাতু জন্মায়। কুরকুরা, দুর্গা ও বালি ছাতুর মতোই মৌঢাল ছাতু খাদ্য হিসেবে বেশ জনপ্রিয়। আকারে বড় এবং পুরু ছালযুক্ত এই ছত্রাকটি রান্নার আগে গরম জলে সেদ্ধ করে সেই জল ফেলে দিতে হয়, যাতে মাটির গন্ধ দূর হয়।
বিক্রেতা অনিমা মাহাতো ও সবিতা মাহাতোর মতে, সাধারণত ভাদ্র-আশ্বিন মাসে এই ছাতু পাওয়া যায়। তবে বৃষ্টির আবহাওয়ার কারণে বর্তমানে জঙ্গলে ফের মৌঢাল ছাতুর দেখা মিলছে। মৌঢাল ছাতুর পাশাপাশি বড় বালি ছাতুরও চাহিদা রয়েছে বলে জানিয়েছেন বিক্রেতারা। তবে জঙ্গলমহলে হাতির উপদ্রবের কারণে অনেক সময় এই ছাতুর জোগান ব্যাহত হয় বলেও স্থানীয়রা জানিয়েছেন।