ভোট মিটতেই অসমে বাড়ল প্রায় ২.১৮ লক্ষ ভোটার, মাত্র ৬ মাসে নাম তুললেন ৪ লক্ষাধিক মানুষ

বিধানসভা নির্বাচন শেষ হওয়ার মাত্র ছয় মাসের মাথায় অসমে ভোটার তালিকায় লক্ষণীয় বৃদ্ধি দেখা গিয়েছে। প্রকাশিত নতুন খসড়া অনুযায়ী রাজ্যে মোট ভোটারের সংখ্যা বেড়েছে প্রায় ২ লক্ষ ১৮ হাজার ৭১ জন। এই অল্প সময়ের ব্যবধানে ৪ লক্ষ ১২ হাজারের বেশি নতুন ভোটারের অন্তর্ভুক্তি ঘিরে ইতিমধ্যে রাজনৈতিক ও প্রশাসনিক মহলে নানা প্রশ্ন উঠতে শুরু করেছে।
তথ্য অনুযায়ী, দেশের অন্যান্য রাজ্যে এসআইআর (SIR) প্রক্রিয়া পরিচালিত হলেও অসমে নির্বাচন কমিশন স্পেশ্যাল রিভিশন বা এসআর (SR) পরিচালনা করে। এসআইআর পদ্ধতিতে ভোটারের সশরীরে শনাক্তকরণ বাধ্যতামূলক হলেও এসআরের ক্ষেত্রে তা আবশ্যিক নয়; মূলত ভোটারদের নিজস্ব আবেদন যাচাইয়ের ভিত্তিতে এই কাজ সম্পন্ন হয়। অসমে মোট ৬১ লক্ষ ৩ হাজার ১০৩টি বাড়িতে এই যাচাই পর্ব চালানো হয়েছিল।
গত ১০ ফেব্রুয়ারি কমিশনের প্রকাশিত চূড়ান্ত তালিকায় ১২৬টি বিধানসভা এলাকায় মোট ভোটার সংখ্যা ছিল ২ কোটি ৪৯ লক্ষ ৫৮ হাজার ১৩৯ জন। পরবর্তী ছয় মাসে রাজ্যে নতুন করে যুক্ত হয়েছেন ৪ লক্ষ ১২ হাজার ৩৪৪ জন ভোটার এবং তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে ১ লক্ষ ৯৩ হাজার ৫৭৩ জনের নাম। এর ফলে সামগ্রিকভাবে ভোটার বেড়েছে ২ লক্ষ ১৮ হাজার ৭১ জন।
বিধানসভা ভোটের ঠিক পরেই এত কম সময়ে এই বিপুল সংখ্যক নাম সংযোজন স্বাভাবিক নিয়মে হয়েছে, নাকি নির্বাচনের আগে কোনও বৈধ ভোটারের নাম বাদ পড়েছিল—তা নিয়ে এখন প্রশ্ন উঠছে।