রিজার্ভ ব্যাঙ্কের সহনশীলতার সীমা পার মূল্যবৃদ্ধি, পেঁয়াজের দাম বাড়ল ১১৬ শতাংশ

দেশে মূল্যবৃদ্ধির হার এবার রিজার্ভ ব্যাঙ্ক অব ইন্ডিয়ার নির্ধারিত সহনশীলতার বা আপার টলারেন্সের মাত্রা ছাড়িয়ে গেল। গত দু’বছরে এই প্রথমবার মূল্যবৃদ্ধি ৬ শতাংশের গণ্ডি পার করল। অক্টোবরে এই হার দাঁড়িয়েছে ৬.০৯ শতাংশে, যেখানে সহনশীলতার সর্বোচ্চ সীমা ৬ শতাংশ। মূলত খাদ্যপণ্যের দাম বাড়ার কারণেই এই পরিস্থিতি তৈরি হয়েছে।
অক্টোবরে খাদ্যপণ্যে মূল্যবৃদ্ধির হার বেড়ে দাঁড়িয়েছে ৮.৯৮ শতাংশে, যা সেপ্টেম্বরে ছিল ৭.৭৪ শতাংশ। বাজারে নিত্যপ্রয়োজনীয় জিনিসের দাম সাধারণ মানুষের পকেটে টান ফেলছে। বিশেষ করে পেঁয়াজের দাম ১১৬.২২ শতাংশ, রসুনের দাম ৬০.৭৪ শতাংশ, আদার দাম ৪৮.৩২ শতাংশ এবং লেবুর দাম ৪৭.৩০ শতাংশ বৃদ্ধি পেয়েছে। এছাড়া চিনি, সরষের তেল ও রান্নার গ্যাসের দামও ঊর্ধ্বমুখী।
বর্তমানে বাজারে প্রতি কেজি আদা ১০০ থেকে ১২০ টাকা, রসুন ৩০০ টাকা, পেঁয়াজ ৬৫ টাকা এবং আলু ১৫ থেকে ১৬ টাকা দরে বিক্রি হচ্ছে। ব্যবসায়ীদের মতে, বেশ কয়েক মাস ধরেই এই চড়া দাম বজায় রয়েছে। ক্রেতাদের অভিযোগ, আয় না বাড়ায় বাধ্য হয়েই কেনাকাটার পরিমাণ কমিয়ে খরচ সামাল দিতে হচ্ছে।
এই বিষয়ে রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ বলেন, “বিশ্বের অন্যান্য দেশের তুলনায় ভারতে মূল্যবৃদ্ধির হার কম। পুজোর আগে চিনির দাম কমানো হলেও কিছু অসাধু ব্যবসায়ী ফের দাম বাড়িয়ে দিয়েছে। বেলাগাম দাম নিলে সরকার কড়া পদক্ষেপ নেবে।”