অভিষেককে সরিয়ে কুণাল-কল্যাণের হাতে রাশ, তৃণমূলের ভবিষ্যৎ নিয়ে ইঙ্গিতপূর্ণ মন্তব্য মদন মিত্রের

তৃণমূল কংগ্রেসের অন্দরের সমীকরণ নিয়ে ফের একবার চাঞ্চল্যকর মন্তব্য করলেন কামারহাটির বিধায়ক মদন মিত্র। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাত থেকে দলের রাশ সরে যাওয়া এবং কুণাল ঘোষ ও কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের হাতে দায়িত্ব আসার বিষয়টি নিয়ে তিনি ইঙ্গিতপূর্ণ বার্তা দিয়েছেন।

মদন মিত্রের দাবি, অভিষেককে সরিয়ে যেভাবে কুণাল ও কল্যাণের হাতে দলের দায়িত্ব তুলে দেওয়া হয়েছে, তা যদি এভাবেই চলতে থাকে তবে তৃণমূলের ভবিষ্যৎ বদলে যেতে পারে। তিনি বলেন, “আমরা খুব খুশি হয়েছি। মমতা বন্দ্যোপাধ্যায় আপাতত অভিষেককে সরিয়ে কুণাল ও কল্যাণের হাতে দায়িত্ব তুলে দিয়েছেন। কুণাল ও কল্যাণই এখন যা বলার বলছেন। আমার মনে হয় আর কদিন এরকমভাবে চললে বাকিদের আর কিছু বলার দরকার পড়বে না। যা হওয়ার তাই হবে।”

তৃণমূলের ভাঙন ও বর্তমান পরিস্থিতি নিয়ে বরাবরই সরব থেকেছেন মদন মিত্র। দলের অন্দরে অভিষেকের ভূমিকা নিয়েও অতীতে একাধিকবার প্রশ্ন তুলেছেন তিনি। এবার দলের শীর্ষ নেতৃত্বের এই রদবদল নিয়ে তাঁর এই মন্তব্য রাজনৈতিক মহলে নতুন জল্পনা তৈরি করেছে।

অন্যদিকে, এই বিষয়ে বিজেপির প্রধান মুখপাত্র দেবজিৎ সরকার কটাক্ষ করে বলেন, “ঘোড়ার গাড়ি যদি ভুল পথে চলে, তবে ঘোড়া বদলালেও দিশা বদলায় না। তৃণমূলের মানসিকতা একই থাকবে। দল শেষ হয়ে যাবে এবং বিভিন্ন সময় বিভিন্ন অবয়ব পরিবর্তন হবে।”

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *