বক্সার বাঘিনি কি অন্তঃসত্ত্বা ছিল? মুখ খুললেন বনমন্ত্রী

বক্সা থেকে পালিয়ে যাওয়া বাঘিনি অন্তঃসত্ত্বা ছিল কি না, তা নিয়ে নতুন করে প্রশ্ন উঠতে শুরু করেছে। তবে এই বিষয়ে বনমন্ত্রী মনোজ কুমার ওরাওঁ জানিয়েছেন, তাঁর কাছে এমন কোনও তথ্য নেই। তদন্ত চলছে এবং কেন্দ্রীয় তদন্তকারী দলের রিপোর্ট হাতে পাওয়ার পরই বিষয়টি স্পষ্ট হবে।

বৃহস্পতিবার আলিপুরদুয়ারের মাদারিহাটে বন দফতরের এক জরুরি বৈঠক শেষে সাংবাদিকদের মুখোমুখি হন বনমন্ত্রী। তিনি জানান, কোথাও কোনও গাফিলতি হয়ে থাকলে তা তদন্তের মাধ্যমে চিহ্নিত করা হবে। পশ্চিমবঙ্গে এই প্রথম বাঘ রিলোকেশন করা হয়েছে, তাই এই প্রক্রিয়ার প্রতিটি দিক খতিয়ে দেখা হচ্ছে। ভবিষ্যতে যাতে এমন ঘটনার পুনরাবৃত্তি না হয়, সেদিকেও নজর দেওয়া হচ্ছে।

বাঘিনির শারীরিক অবস্থা প্রসঙ্গে বনমন্ত্রী জানান, সে বর্তমানে সুস্থ রয়েছে। তার গতিবিধির ওপর নিয়মিত নজরদারি চালানো হচ্ছে। বন দফতরের কাছে বাঘিনির সারাদিনের কর্মকাণ্ডের বিস্তারিত তথ্য রয়েছে।

বনমন্ত্রী আরও জানান, বক্সায় থাকা অন্য বাঘিনির আচরণও সম্পূর্ণ স্বাভাবিক। সে নিয়মিত শিকার করছে এবং খাবার খাচ্ছে। বাঘিনির বর্তমান অবস্থান সম্পর্কে স্পষ্ট কিছু না জানালেও, বনমন্ত্রী জানিয়েছেন যে সে বন দফতরের নজরদারির মধ্যেই রয়েছে। কেন্দ্রীয় তদন্তকারী দলকে সব ধরনের সহযোগিতা করা হচ্ছে বলেও তিনি আশ্বস্ত করেছেন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *