হোয়াইট হাউসের কাছে এলোপাথাড়ি গুলি, মৃত ১, আহত ৪

ওয়াশিংটনের হোয়াইট হাউসের অদূরে লোগান সার্কেলে বন্দুকবাজের হামলার ঘটনা ঘটেছে। এই ঘটনায় এক ব্যক্তির মৃত্যু হয়েছে এবং আরও চারজন আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনার পর গোটা এলাকা ঘিরে ফেলে পুলিশি তল্লাশি শুরু হয়েছে। নিরাপত্তার স্বার্থে আশপাশের স্কুলগুলিতেও লকডাউন জারি করা হয়েছিল।

এনবিসি নিউজ়-এর প্রতিবেদন অনুযায়ী, এক বন্দুকবাজ প্রথমে একটি জিমে ঢুকে পড়ে এবং সেখানে এক সদস্যের পিঠে গুলি চালায়। এরপর সে বিল্ডিং থেকে বেরিয়ে রাস্তায় এলোপাথাড়ি গুলি চালাতে থাকে। প্রত্যক্ষদর্শীদের দাবি, গুলির শব্দে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।

পুলিশ জানিয়েছে, ১৫ নম্বর স্ট্রিট এবং পি স্ট্রিট এন ডব্লিউ এলাকায় এই ঘটনা ঘটে। ঘটনাস্থলেই এক ব্যক্তির মৃত্যু হয়েছে, তবে তাঁর পরিচয় এখনও জানা যায়নি। আহত চারজনকে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে।

ঘটনার সময় জিমের ভেতরে থাকা এক প্রত্যক্ষদর্শী জানান, তিনি ট্রেডমিলে থাকার সময় চোখের সামনেই এক আহত ব্যক্তিকে বেরিয়ে যেতে দেখেন। পরে পুলিশের সঙ্গে কথা বলার সময়ও ফের গুলির শব্দ শোনা যায়।

পুলিশ ১৫ নম্বর স্ট্রিটের ১৫০০ ব্লক এবং সংলগ্ন এলাকা এড়িয়ে চলার পরামর্শ দিয়েছে। ঘটনাস্থলের কাছেই রয়েছে সেন্ট লুক এপিসকোপাল চার্চ, জিম এবং একাধিক আবাসন। তদন্তে সহায়তার জন্য মার্কিন ফেডারেল ব্যুরো অফ অ্যালকোহল, টোব্যাকো, ফায়ারআর্মস অ্যান্ড এক্সপ্লোসিভস (ATF)-এর এজেন্টদের মোতায়েন করা হয়েছে। হামলার কারণ ও বন্দুকবাজের পরিচয় জানার চেষ্টা করছে পুলিশ।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *