দেশের প্রথম আইআইটি হিসেবে ডাক্তারি পড়াবে খড়গপুর, শুরু হচ্ছে এমডি কোর্স
প্রযুক্তি ও চিকিৎসাবিজ্ঞানের মেলবন্ধনে নতুন দিশা দেখাল খড়গপুর আইআইটি। দেশের মধ্যে প্রথম কোনও আইআইটিতে চালু হতে চলেছে চিকিৎসাবিজ্ঞানের পোস্ট গ্র্যাজুয়েট ডিগ্রি কোর্স। ২০২৬-২৭ শিক্ষাবর্ষ থেকেই শুরু হচ্ছে ভর্তি প্রক্রিয়া। প্রাথমিকভাবে মোট ৬টি বিষয়ে ১২টি আসনে পড়ুয়ারা ভর্তির সুযোগ পাবেন। দিল্লিতে এই কোর্স চালুর বিষয়ে সম্মতি মিলেছে।
খড়গপুর আইআইটির ডাঃ বি সি রায় মাল্টি-স্পেশালিটি মেডিক্যাল রিসার্চ সেন্টারে এই পোস্ট গ্র্যাজুয়েট কোর্সগুলি চালু করা হচ্ছে। এতদিন মূলত ইঞ্জিনিয়ারিং ও প্রযুক্তিবিদ্যার জন্য পরিচিত থাকলেও, এবার চিকিৎসা বিজ্ঞানের উচ্চশিক্ষাতেও পা রাখল এই প্রতিষ্ঠান। বিশেষজ্ঞদের মতে, চিকিৎসা বিজ্ঞানের সঙ্গে ইঞ্জিনিয়ারিং, কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) এবং অত্যাধুনিক গবেষণার মেলবন্ধন ঘটানোর ক্ষেত্রে এই উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে পারে।
প্রাথমিকভাবে যে ছ’টি বিষয়ে এমডি কোর্স চালু হচ্ছে, সেগুলি হল— জেনারেল মেডিসিন, রেডিওলজি, ফিজিওলজি, প্যাথলজি, কমিউনিটি মেডিসিন এবং বায়োকেমিস্ট্রি। প্রতিটি বিষয়ে দু’টি করে আসন থাকছে।
২০২৬-২৭ শিক্ষাবর্ষে NEET-PG 2026-এর অনলাইন কাউন্সেলিংয়ের মাধ্যমে ভর্তি নেওয়া হবে। দ্বিতীয় রাউন্ডের কাউন্সেলিংয়ে যোগ্য প্রার্থীরা এই কোর্সগুলিকে নিজেদের পছন্দের তালিকায় রাখতে পারবেন। তবে আসন, যোগ্যতা এবং কাউন্সেলিংয়ের নির্ধারিত নিয়ম মেনেই ভর্তি প্রক্রিয়া সম্পন্ন হবে।
আইআইটির ডিরেক্টর অধ্যাপক সুমন চক্রবর্তী জানিয়েছেন, চিকিৎসাক্ষেত্রের উৎকর্ষের সঙ্গে ইঞ্জিনিয়ারিং, কৃত্রিম বুদ্ধিমত্তা এবং গবেষণার সমন্বয়ে একটি বিশেষ শিক্ষার পরিবেশ গড়ে তুলতে চায় প্রতিষ্ঠান। তাঁর কথায়, শুধু দক্ষ চিকিৎসক তৈরি করাই নয়, দেশের স্বাস্থ্যক্ষেত্রের সমস্যাগুলির সমাধান করতে সক্ষম উদ্ভাবক তৈরি করাও এই উদ্যোগের লক্ষ্য।
ভর্তি সংক্রান্ত বিস্তারিত তথ্য, যোগ্যতার শর্ত এবং কাউন্সেলিংয়ের দিনক্ষণ জানতে মেডিক্যাল কাউন্সেলিং কমিটির (MCC) ওয়েবসাইট ও খড়্গপুর আইআইটির সরকারি ওয়েবসাইটে নজর রাখতে হবে।