ব্রিকস সংসদীয় ফোরাম: নিরাপত্তা পরিষদে সংস্কার ও সন্ত্রাসবাদে জিরো টলারেন্সের ডাক

নয়া দিল্লিতে অনুষ্ঠিত দ্বাদশ ব্রিকস সংসদীয় ফোরাম ২০২৬-এ আন্তর্জাতিক সহযোগিতা, বিশ্বশান্তি এবং সংসদীয় সম্পর্ক জোরদার করার বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হয়েছে। ২৬ ও ২৭ অক্টোবর আয়োজিত এই সম্মেলনের শেষ অধিবেশনে লোকসভার স্পিকার ওম বিড়লা রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদে জরুরি সংস্কারের দাবি জানান। তাঁর মতে, গ্লোবাল সাউথ বা উন্নয়নশীল দেশগুলির স্বার্থ ও মতামতের যথাযথ প্রতিফলন ঘটাতে নিরাপত্তা পরিষদে আরও বেশি প্রতিনিধিত্ব নিশ্চিত করা প্রয়োজন।

সম্মেলনে সন্ত্রাসবাদের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতির কথা পুনর্ব্যক্ত করেন ওম বিড়লা। পাশাপাশি, আন্তর্জাতিক সমস্যার সমাধানে সংঘাতের পরিবর্তে আলোচনা, শান্তি ও পারস্পরিক সহযোগিতার ওপর গুরুত্ব আরোপ করেন তিনি। সম্মেলনে সদস্য দেশগুলি একমত হয়েছে যে, সংসদীয় আদান-প্রদান আন্তর্জাতিক বিরোধের শান্তিপূর্ণ সমাধান ও উন্নয়নের পথ প্রশস্ত করতে পারে।

উদ্বোধনী অধিবেশনে জনকেন্দ্রিক উন্নয়ন এবং কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) ব্যবহারের মাধ্যমে সংসদীয় প্রক্রিয়াকে আরও স্বচ্ছ ও কার্যকর করার বিষয়ে আলোচনা হয়। সম্মেলনের শেষে আনুষ্ঠানিকভাবে চিনের প্রতিনিধিদলের হাতে ব্রিকস ফোরামের সভাপতিত্বের দায়িত্ব তুলে দেওয়া হয়।

ফোরামের ফাঁকে লোকসভার স্পিকার রাশিয়া, থাইল্যান্ড, কিউবা, মিশর, বেলারুশ, ইরান ও উজবেকিস্তানের প্রতিনিধিদের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করেন। রাশিয়ার স্টেট দুমার চেয়ারম্যান ব্যাচেস্লাভ ভোলোদিন এবং থাইল্যান্ডের সেনেটের সভাপতি মংকুল সুরসাচের সঙ্গে তাঁর বৈঠকে সংসদীয় সহযোগিতা ও দ্বিপাক্ষিক সম্পর্ক মজবুত করার বিষয়ে আলোচনা হয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *