প্রয়াত হেমন্ত মুখোপাধ্যায়ের পুত্র জয়ন্ত মুখোপাধ্যায়, শোকস্তব্ধ মৌসুমী চট্টোপাধ্যায়
উৎসবের মরশুমেই শোকের ছায়া নেমে এল অভিনেত্রী মৌসুমী চট্টোপাধ্যায়ের পরিবারে। বৃহস্পতিবার প্রয়াত হয়েছেন তাঁর স্বামী, প্রযোজক ও সুরকার জয়ন্ত মুখোপাধ্যায়। বেশ কিছুদিন ধরেই বার্ধক্যজনিত অসুস্থতায় ভুগছিলেন তিনি। ফেডারেশন অফ ওয়েস্টার্ন ইন্ডিয়া সিনে এমপ্লয়িজের সভাপতি বি এন তিওয়ারি তাঁর মৃত্যুর খবর নিশ্চিত করেছেন।
কিংবদন্তি গায়ক ও সুরকার হেমন্ত মুখোপাধ্যায়ের পুত্র জয়ন্ত মুখোপাধ্যায় চলচ্চিত্র ও টেলিভিশন জগতের সঙ্গে দীর্ঘ সময় যুক্ত ছিলেন। ১৯৭৫ সালে মুক্তি পাওয়া ‘মজাক’ এবং ১৯৭৯ সালের ‘দো লড়কে দোনো কড়কে’ ছবির প্রযোজক ছিলেন তিনি। এছাড়া নব্বইয়ের দশকের জনপ্রিয় টিভি সিরিয়াল ‘তালাশ’-এর সঙ্গেও তাঁর নাম জড়িয়ে ছিল। গত ৪ অক্টোবর ৭৯ বছরে পা দিয়েছিলেন তিনি।
প্রচারবিমুখ জয়ন্ত মুখোপাধ্যায়ের সঙ্গে পাঁচ দশকেরও বেশি সময় ধরে দাম্পত্য জীবন কাটিয়েছেন মৌসুমী চট্টোপাধ্যায়। খুব অল্প বয়সে তাঁদের বিয়ে হয়েছিল। তাঁদের দুই মেয়ে মেঘা ও পায়েলের মধ্যে ছোট মেয়ে পায়েলের মৃত্যু হয়েছিল ২০১৯ সালের ডিসেম্বরে। সেই শোক কাটিয়ে ওঠার কয়েক বছর পর এবার জীবনসঙ্গীকে হারিয়ে ভেঙে পড়েছেন বর্ষীয়ান অভিনেত্রী।