মোদী আমার ফোনে আড়ি পাতেন, দাবি রাহুলের; ফের বিতর্কের চ্যালেঞ্জ
শুক্রবার ইনস্টাগ্রামে ‘আস্ক মি’ নামে একটি অনলাইন প্রশ্নোত্তর পর্বে সমর্থকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দিচ্ছিলেন রাহুল গান্ধী। সেই সময় ফোনে নজরদারির প্রসঙ্গ উঠলে নিজের মোবাইল ফোন দেখিয়ে তিনি দাবি করেন, “প্রমাণ এই ফোনেই রয়েছে। প্রধানমন্ত্রী জানেন, কারণ তিনি আমার ফোনে আড়ি পাতেন।” তবে এই অভিযোগের সমর্থনে তিনি কোনও যাচাইযোগ্য প্রযুক্তিগত প্রমাণ প্রকাশ্যে আনেননি।
ফোনে নজরদারির অভিযোগ অবশ্য এই প্রথম নয়। ২০২৩ সালেও রাহুল দাবি করেছিলেন, তাঁর ফোনে পেগাসাস স্পাইওয়্যার ছিল এবং বহু রাজনীতিকের ফোনেও এই সফটওয়্যার ব্যবহার করা হয়েছে। কংগ্রেস নেতার দাবি ছিল, গোয়েন্দা বিভাগের আধিকারিকেরা তাঁকে ফোনে কথা বলার বিষয়ে সতর্ক থাকতে বলেছিলেন। যদিও কেন্দ্রীয় সরকার সেই অভিযোগ আগেই খারিজ করেছে।
শুক্রবার মোদীর সঙ্গে সরাসরি বিতর্কের দাবি জানিয়ে রাহুল বলেন, বিদেশি শক্তির নিয়ন্ত্রণে কে রয়েছেন এবং কে দেশবিরোধী—তা নিয়ে প্রকাশ্য আলোচনাতেই বিষয়টি স্পষ্ট হয়ে যাবে। গত ১২ দিনে এই নিয়ে সাতবার প্রধানমন্ত্রীকে বিতর্কে বসার চ্যালেঞ্জ জানালেন রাহুল। নির্বাচনী প্রক্রিয়া, বিদেশি প্রভাব এবং জাতীয় নিরাপত্তার মতো বিষয় নিয়ে প্রকাশ্য আলোচনার দাবি তুলেছে কংগ্রেস।
অন্যদিকে, বিজেপি নেতারা বারবার এই চ্যালেঞ্জ খারিজ করে রাহুলের বিরুদ্ধে সংসদে গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা এড়িয়ে যাওয়ার অভিযোগ তুলেছেন। অর্থমন্ত্রী নির্মলা সীতারামনও এর আগে প্রশ্ন তুলেছিলেন, আলোচনার জন্য প্রধানমন্ত্রীকে আলাদা জায়গা বেছে নিতে বলার কী প্রয়োজন, যখন সংসদই বিতর্কের উপযুক্ত মঞ্চ।