কলকাতায় আর্জেন্টিনার ফুটবল অ্যাকাডেমি, মেসিদের প্রশিক্ষণ পদ্ধতিতে তৈরি হবে নতুন প্রজন্ম

কলকাতায় আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করল আর্জেন্টিনার ফুটবল অ্যাকাডেমি। এই প্রকল্পের মূল লক্ষ্য হলো আর্জেন্টিনার জাতীয় দলের প্রশিক্ষণ পদ্ধতি অনুসরণ করে ভারতের উঠতি ফুটবলারদের দক্ষ করে তোলা। স্থানীয় ক্লাবগুলোর সঙ্গে যৌথ উদ্যোগে বিভিন্ন বয়সের খেলোয়াড়দের জন্য ফুটবল স্কুল ও অ্যাকাডেমি গড়ে তোলা হবে। এএফএ ইন্টারন্যাশনালের প্রশিক্ষণপ্রাপ্ত কোচেরা এখানে খুদে ফুটবলারদের তালিম দেবেন।
প্রশিক্ষণ শুধু মাঠের অনুশীলনের মধ্যেই সীমাবদ্ধ থাকবে না। অনূর্ধ্ব-১০ থেকে অনূর্ধ্ব-২০ বয়সিদের জন্য আন্তর্জাতিক প্রতিযোগিতা, নিবিড় প্রশিক্ষণ শিবির এবং আর্জেন্টিনার ফুটবল সংস্কৃতির সঙ্গে পরিচয় ঘটানোর মতো নানা কর্মসূচি গ্রহণ করা হয়েছে। এছাড়া প্রতিভাবান ফুটবলারদের বাছাই করে আর্জেন্টিনায় পাঠিয়ে উন্নত প্রশিক্ষণ ও অভিজ্ঞতা অর্জনের সুযোগ করে দেওয়ার পরিকল্পনাও রয়েছে এই অ্যাকাডেমির।
উদ্বোধনী অনুষ্ঠানে এএফএ ইন্টারন্যাশনালের প্রতিনিধিদল উপস্থিত থেকে সংস্থার ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আলোচনা করেন। এই আলোচনা পর্বটি পরিচালনা করেন ক্রীড়া সাংবাদিক গৌতম ভট্টাচার্য। অনুষ্ঠানে রাজ্যের মন্ত্রী তাপস রায়, লকেট চট্টোপাধ্যায় এবং বেঙ্গল অলিম্পিক অ্যাসোসিয়েশনের সভাপতি চন্দন রায়চৌধুরী উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে ভারতীয় ফুটবলের একাধিক প্রাক্তন তারকা ও জাতীয় দলের প্রাক্তন অধিনায়করা উপস্থিত ছিলেন। প্রদীপ চৌধুরী, শ্যাম থাপা, জামশিদ নাসিরি, আলভিটো ডি’কুনহা, মেহতাব হুসেন, অমিত ভদ্র, অতনু ভট্টাচার্য, মিহির বসু ও ক্রম্পটন দত্তর মতো পরিচিত মুখদের উপস্থিতি অনুষ্ঠানটিকে বিশেষ মাত্রা দেয়। এই উদ্যোগের ফলে কলকাতার প্রতিভাবান কিশোরদের সামনে আন্তর্জাতিক ফুটবলের নতুন দরজা খুলে যাওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে।