শব্দবাজি নয়, ফুলঝুরিতেই মেতে ওঠেন ঋতুপর্ণা! কালীপুজোর কোন স্মৃতি আজও অমলিন?

দূর দেশেও কালীপুজোর আনন্দে মেতে ওঠেন ঋতুপর্ণা ও তাঁর পরিবার
নিজস্ব প্রতিবেদন: ছোটবেলার কালীপুজোর স্মৃতিরোমন্থন করলেন অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত। তিনি জানান, সেই সময় পুরো বাড়ি আলো দিয়ে সাজিয়ে তোলার পাশাপাশি মোমবাতি ও প্রদীপ জ্বালানোর দায়িত্ব থাকত তাঁদের ওপর। ছোট ছোট সেই কাজের মাধ্যমেই লুকিয়ে থাকত উৎসবের আসল আনন্দ।
শব্দবাজির প্রতি বিশেষ আকর্ষণ না থাকলেও আলোর রোশনাই ছড়ানো আতশবাজির প্রতি বরাবরই ভালো লাগা রয়েছে অভিনেত্রীর। বিশেষ করে ফুলঝুরি, মশাল ও তুবড়ি জ্বালাতে তিনি আজও বেশ পছন্দ করেন। ঋতুপর্ণা জানান, তাঁর এই ভালো লাগা পরবর্তী প্রজন্মের মধ্যেও সংক্রামিত হয়েছে। তাঁর সন্তানরাও ফুলঝুরি ও তুবড়ির মতো আতশবাজি খুব পছন্দ করে।
বর্তমানে ঋতুপর্ণার সন্তানরা সিঙ্গাপুর ও আমেরিকায় থাকলেও কালীপুজোর উৎসবে কোনো খামতি থাকে না। দূর দেশে থেকেও প্রতি বছর এই বিশেষ দিনে প্রথা মেনে ফুলঝুরি, মশাল ও তুবড়ি জ্বালিয়ে পরিবারের সবাই মিলে উৎসবের আনন্দে মেতে ওঠেন।