দিওয়ালির রাতে ভয়াবহ অগ্নিকাণ্ড, প্রাণ হারালেন দিব্যাঙ্কা ত্রিপাঠীর বিশ্বস্ত রক্ষী!

বিল্ডিংয়ের ভয়াবহ অগ্নিকাণ্ডে প্রিয়জনকে হারালেন অভিনেত্রী দিব্যাঙ্কা, আবেগঘন পোস্ট
নিজস্ব প্রতিবেদন: ভয়াবহ অগ্নিকাণ্ডে নিজের অত্যন্ত বিশ্বস্ত এবং পরিবারের সদস্যতুল্য এক ব্যক্তিকে হারিয়ে শোকস্তব্ধ অভিনেত্রী দিব্যাঙ্কা ত্রিপাঠী। দীর্ঘদিনের পরিচিত ও পরিবারের আপনজন ধনপত কাকার প্রয়াণে সোশ্যাল মিডিয়ায় এক আবেগঘন পোস্ট শেয়ার করে তাকে শেষ শ্রদ্ধা জানিয়েছেন অভিনেত্রী।
ইনস্টাগ্রামে দিব্যাঙ্কা লিখেছেন, এই দুর্ঘটনা তাঁর পরিবারে এক গভীর শূন্যতা তৈরি করেছে। অভিনেত্রী স্মরণ করেন, যখন তাঁরা তাঁদের নবজাতক সন্তানদের প্রথমবার বাড়ি নিয়ে এসেছিলেন, তখন দরজায় দাঁড়িয়ে যে কজন মানুষ তাদের স্বাগত ও আশীর্বাদ জানিয়েছিলেন, তাঁদের মধ্যে ধনপত অন্যতম। অভিনেত্রী লেখেন, “ধনপত কাকা, আপনি শুধু আমাদের বিল্ডিংয়ের দারোয়ান ছিলেন না, আপনি ছিলেন আমাদের জীবনের এক অবিচ্ছেদ্য অংশ, যার ওপর আমরা অন্ধের মতো ভরসা করতাম।”
দুর্ঘটনার ভয়াবহ রাতের স্মৃতিচারণ করে দিব্যাঙ্কা জানান, ওই রাতে বাইরে বের হওয়ার কথা থাকলেও কোনো কারণে দেরি হয়ে গিয়েছিল। ঠিক সেই মুহূর্তেই আগুন ভয়াবহ রূপ নিলে, তাঁরা নিজেদের সন্তান, পরিবার ও কর্মীদের নিয়ে কোনোমতে ভবন থেকে বেরিয়ে আসতে সক্ষম হন। প্রাণহানি ও বড় বিপদ থেকে রক্ষা পেলেও, যখন তাঁরা জানতে পারেন যে ধনপত কাকা এই দুর্ঘটনায় মারা গেছেন, তখন তাঁদের পৃথিবী থমকে যায়। এমনকি বন্ধুদের বাড়িতে আশ্রয় নিয়েও তাঁরা বিশ্বাস করতে পারছিলেন না যে, এই মর্মান্তিক খবরটি সত্যি।
দীপাবলির প্রাক্কালে বিল্ডিংয়ের পরিষেবা স্বাভাবিক হলেও, সেই আনন্দ আর ফেরেনি বলে জানান অভিনেত্রী। তিনি লিখেছেন, “এই আগুন দীপাবলির উৎসবের আলো তো কমিয়েছেই, পাশাপাশি এক অমূল্য প্রাণের চিরবিদায় আমাদের মনে এমন এক অন্ধকার তৈরি করেছে, যা আর কোনোদিন দূর হবে না।”
পোস্টের শেষে দিব্যাঙ্কা জানান, তাঁর সন্তানরা বড় হলে তিনি তাদের সেই মানুষটির কথা বলবেন, যিনি তাদের পৃথিবীতে স্বাগত জানিয়েছিলেন। পরিশেষে, সাধারণ মানুষের উদ্দেশে তাঁর বার্তা—আমাদের চারপাশে থাকা পরিচিত মানুষদের উপস্থিতি এবং অবদানকে যেন আমরা কখনোই তুচ্ছ মনে না করি।