আরহানের জন্মদিনে আবেগপ্রবণ শুরা, পরিবারের অন্দরমহলের মিষ্টি মুহূর্ত ফাঁস

সৎমা শুরার ভালোবাসায় আপ্লুত আরহান, বোনের প্রতি অটুট টান মুম্বই: আরবাজ খান ও শুরা খানের সন্তান সিপারার সঙ্গে আরহান খানের মধুর সম্পর্কের নতুন ঝলক প্রকাশ্যে এল। আরহানের জন্মদিনে তাঁকে উদ্দেশ্য করে সোশ্যাল মিডিয়ায় একটি আবেগঘন বার্তা দিয়েছেন শুরা, যা নেটপাড়ায় বিশেষ নজর কেড়েছে। শুরা খান নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে একাধিক ছবি পোস্ট করেছেন। ছবিতে দেখা যাচ্ছে, ছোট বোন সিপারার সঙ্গে খেলায় মগ্ন আরহান। সেই সঙ্গে শুরা, আরবাজ ও আরহানকেও হাসিখুশি মেজাজে দেখা গেছে। ক্যাপশনে শুরা লিখেছেন, “তোমাকে দীর্ঘদিন ধরে চেনার সুবাদে জানি তুমি একজন ভালো ছেলে এবং অসাধারণ বন্ধু। কিন্তু বড় দাদা হিসেবে তোমার এই দিকটি আবিষ্কার করা আমার কাছে অন্যরকম এক অভিজ্ঞতা। সিপারার জন্য তুমি এমন এক মানদণ্ড তৈরি করে দিলে, যার পর ওর পক্ষে অন্য কারও থেকে কম কিছু আশা করা কঠিন। ও সত্যিই খুব ভাগ্যবতী।” শুরার এই ভালোবাসার প্রতিক্রিয়ায় আরহানও মজার ছলে মন্তব্য করেছেন। নেটফ্লিক্সের জনপ্রিয় সিরিজ ‘ব্যাডস অফ বলিউড’-এর সংলাপ ধার করে তিনি লেখেন, “আক্খা ফ্যামিলি এক তরফ, সিপারা এক তরফ।” বোনের প্রতি তাঁর এই অগাধ ভালোবাসা ও আদরের বহিঃপ্রকাশে মুগ্ধ নেটিজেনরা। উল্লেখ্য, গত বছর শুরার সাধের অনুষ্ঠানের সময় থেকেই আরহানের সঙ্গে সিপারার সখ্যতা নজরে এসেছে। সে সময় সেই ছবি পোস্ট করে আরহান ক্যাপশনে লিখেছিলেন ‘বিগ ব্রাদার বুটক্যাম্প’। শুরার নতুন এই বার্তা এবং আরহানের উত্তর ফের প্রমাণ করল যে, খান পরিবারের নতুন এই সদস্যের আগমনে সম্পর্কে কোনো তিক্ততা নেই, বরং ভালোবাসার বন্ধন আরও দৃঢ় হয়েছে।