বালুরঘাটে রাস্তায় নোংরা ফেললেই ১ লাখ টাকা পর্যন্ত জরিমানা, সিসি ক্যামেরায় চলবে কড়া নজরদারি

বালুরঘাটে রাস্তায় নোংরা ফেললেই ১ লাখ টাকা পর্যন্ত জরিমানা, সিসি ক্যামেরায় চলবে কড়া নজরদারি

শহরকে পরিচ্ছন্ন রাখতে এবার বেনজির কড়া পদক্ষেপ নিল বালুরঘাট পুরসভা। নির্দিষ্ট ডাস্টবিন বা আবর্জনার গাড়ির বদলে যত্রতত্র নোংরা ফেললেই গুনতে হবে ১ হাজার থেকে শুরু করে ১ লক্ষ টাকা পর্যন্ত মোটা অঙ্কের জরিমানা। শুক্রবার শহরের সাড়ে তিন নম্বর মোড় এলাকায় সাফাই অভিযানে নেমে এই হুঁশিয়ারি দিয়েছেন পুর চেয়ারম্যান সুরজিৎ সাহা।

পুরসভা সূত্রে খবর, শুধুমাত্র ঘোষণাতেই সীমাবদ্ধ থাকছে না প্রশাসন। নিয়মভঙ্গকারীদের হাতেনাতে ধরতে শহরের প্রতিটি ওয়ার্ডে প্রায় ২০টি করে সিসি ক্যামেরা বসানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিশেষ করে বাজার এলাকাগুলোতে রাতের অন্ধকারে যারা আবর্জনা ফেলে যান, তাদের চিহ্নিত করতেই এই প্রযুক্তিগত নজরদারি। ইতিমধ্যে বোর্ড মিটিংয়ে এই প্রস্তাব পাশ হয়েছে এবং বিভিন্ন এলাকায় সতর্কতামূলক সাইনবোর্ডও লাগানো হয়েছে।

পুর চেয়ারম্যান সুরজিৎ সাহা জানান, “শহরের ২৫টি ওয়ার্ডেই প্রতিদিন বাড়ি বাড়ি থেকে আবর্জনা সংগ্রহের গাড়ি যায়। তা সত্ত্বেও কিছু মানুষ রাস্তায় নোংরা ফেলছেন। তাই বাধ্য হয়েই সিসি ক্যামেরা ও জরিমানার পথে হাঁটছে পুরসভা।” স্থানীয় ব্যবসায়ীরাও এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন। তাদের মতে, কড়া শাস্তির ব্যবস্থা না করলে এক শ্রেণির মানুষের হুঁশ ফিরবে না। এখন থেকে নির্মল সাথী ও নির্মল বন্ধুদের পাশাপাশি সিসি ক্যামেরার ‘চোখ’ নজর রাখবে বালুরঘাটের পরিচ্ছন্নতায়।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *