অস্মিতার লড়াইয়ে বড় চমক! তৃণমূলের ৪ প্রার্থীর মধ্যে ২ জনই কেন ভিনরাজ্যের
February 28, 202610:12 am

রাজ্যসভার প্রার্থী তালিকায় বড়সড় চমক দিল তৃণমূল কংগ্রেস। তবে এই মনোনয়ন ঘিরেই এখন রাজ্য রাজনীতিতে শুরু হয়েছে তীব্র চাপানউতোর। বিশেষ করে তৃণমূলের চিরাচরিত ‘বাঙালি অস্মিতা’র কার্ড নিয়েই প্রশ্ন তুলছে বিরোধী শিবির।
তৃণমূলের ঘোষিত ৪ জনের প্রার্থী তালিকায় দেখা যাচ্ছে ২ জনই আসলে অবাঙালি। এই তালিকায় রয়েছেন রাজ্য পুলিশের সদ্য অবসরপ্রাপ্ত ডিজি রাজীব কুমার, যিনি আদতে উত্তরপ্রদেশের চান্দৌসির বাসিন্দা। অন্যজন হলেন বিশিষ্ট আইনজীবী মেনকা গুরুস্বামী, যাঁর আদি বাড়ি হায়দরাবাদে এবং বর্তমানে তিনি দিল্লিতে কর্মরত।
বিরোধীদের দাবি, যারা নিয়মিত বহিরাগত ইস্যুতে সরব হয় এবং বাঙালি আবেগকে হাতিয়ার করে রাজনীতি করে, তাদের প্রার্থী তালিকায় অর্ধেকই কেন ভিনরাজ্যের মানুষ? এই প্রশ্ন তুলেই এখন ঘাসফুল শিবিরকে কোণঠাসা করতে ময়দানে নেমেছে বিরোধী দলগুলো।