ইডেন গার্ডেন্সে ভারত বনাম উইন্ডিজ ম্যাচ আর দোলযাত্রা নিয়ে কলকাতা মেট্রোর বড় ঘোষণা

ইডেন গার্ডেন্সে ভারত বনাম উইন্ডিজ ম্যাচ আর দোলযাত্রা নিয়ে কলকাতা মেট্রোর বড় ঘোষণা

কলকাতা: ক্রিকেট প্রেমী এবং শহরবাসীর জন্য বিরাট খবর জানাল কলকাতা মেট্রো কর্তৃপক্ষ। আগামী ১ মার্চ রবিবাসরীয় ইডেনে ভারত বনাম ওয়েস্ট ইন্ডিজ টি-২০ বিশ্বকাপের হাইভোল্টেজ ম্যাচকে কেন্দ্র করে বিশেষ পরিষেবা চালুর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। খেলা শেষে দর্শকদের বাড়ি ফেরার ঝক্কি কমাতে ওই দিন রাতে এসপ্ল্যানেড স্টেশন থেকে অতিরিক্ত ট্রেন চালানো হবে।

মেট্রো রেলের পক্ষ থেকে জানানো হয়েছে, ১ মার্চ রাত ১১টা ১৫ মিনিটে এসপ্ল্যানেড থেকে দুটি বিশেষ ট্রেন ছাড়বে। এর মধ্যে একটি ট্রেন যাবে দক্ষিণেশ্বরের দিকে এবং অন্যটি শহিদ ক্ষুদিরাম স্টেশনের অভিমুখে। দর্শকদের সুবিধার্থে ওই রাতে শুধুমাত্র এসপ্ল্যানেড স্টেশনের টিকিট কাউন্টার খোলা রাখা হবে।

দোলযাত্রায় মেট্রোর সময়সূচীতে ব্যাপক রদবদল

অন্যদিকে, আগামী ৩ মার্চ মঙ্গলবার দোলযাত্রা উপলক্ষে কলকাতার প্রতিটি মেট্রো করিডোরে পরিষেবা সীমিত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ওই দিন সকালের দিকে ট্রেন চলাচল বন্ধ থাকলেও দুপুর ২টো ৩০ মিনিটের পর থেকে পরিষেবা শুরু হবে।

  • ব্লু লাইন (দক্ষিণেশ্বর–শহিদ ক্ষুদিরাম): সারাদিনে ২৭২টির বদলে মাত্র ৬০টি ট্রেন চলবে। দুপুর ২টো ৩০ মিনিটে প্রথম ট্রেন ছাড়বে। তবে রাতের শেষ ট্রেনের সময় অপরিবর্তিত থাকলেও রাত ৯টা ৩৮ মিনিটের একটি পরিষেবা বাতিল করা হয়েছে।
  • গ্রিন লাইন (হাওড়া ময়দান–সল্টলেক সেক্টর ফাইভ): ২২৮টির পরিবর্তে চলবে মাত্র ৪৫টি ট্রেন। হাওড়া ময়দান থেকে দুপুর ৩টেয় এবং সেক্টর ফাইভ থেকে ৩টে ২ মিনিটে প্রথম ট্রেন ছাড়বে।
  • ইয়েলো লাইন (নোয়াপাড়া–বিমানবন্দর): ১২০টির বদলে ৪৪টি ট্রেন চলবে। দুপুর ২টো ৩৮ মিনিটে নোয়াপাড়া থেকে প্রথম ট্রেন ছাড়বে।
  • পার্পল ও অরেঞ্জ লাইন: জোকা-মাঝেরহাট রুটে ৩৮টি এবং কবি সুভাষ-বেলেঘাটা রুটে ২৮টি ট্রেন চালানো হবে। এই দুটি রুটেই দুপুর ২টো ৩০ মিনিটের পর থেকে প্রথম পরিষেবা শুরু হবে।

ছুটির দিনে অপ্রয়োজনীয় ভোগান্তি এড়াতে যাত্রীদের এই পরিবর্তিত সময়সূচী দেখে নিয়ে বেরোনোর পরামর্শ দিয়েছে মেট্রো কর্তৃপক্ষ।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *