ভোটের সময় ফোন সুইচড অফ কেন, তিন কংগ্রেস বিধায়কের কাছে ৪৮ ঘণ্টার মধ্যে জবাব তলব করল দল

রাজ্যসভা নির্বাচনে অনুপস্থিত থেকে মহাজোটের প্রার্থীর পরাজয় নিশ্চিত করায় তিন বিধায়ককে শোকজ করল বিহার প্রদেশ কংগ্রেস। গত ১৬ মার্চ অনুষ্ঠিত নির্বাচনে মণিহারি, বাল্মীকি নগর ও ফরবিসগঞ্জের বিধায়করা দলের নির্দেশ অমান্য করে ভোটদান থেকে বিরত থাকেন। অভিযোগ উঠেছে, ওই সময় তাঁদের সঙ্গে ফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁরা সাড়া দেননি এবং পরবর্তীতে ফোন বন্ধ করে রাখেন।
দলীয় শৃঙ্খলা রক্ষা কমিটির সভাপতি কপিল দেব প্রসাদ যাদব এই বিষয়টিকে অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখছেন। অভিযুক্ত বিধায়করা অবশ্য দাবি করেছেন, প্রার্থী পছন্দ না হওয়ায় তাঁরা অনুপস্থিত ছিলেন এবং দলের যে কোনও ব্যবস্থা গ্রহণে তাঁরা প্রস্তুত। অন্যদিকে, মহাজোটের প্রার্থী অমরেন্দ্র ধারী সিংয়ের এই হারে বিধায়কদের অন্তর্দ্বন্দ্ব প্রকাশ্যে আসায় অস্বস্তিতে পড়েছে হাত শিবির। দুই দিনের মধ্যে সন্তোষজনক জবাব না পেলে কড়া পদক্ষেপ নিতে পারে হাইকম্যান্ড।