পশ্চিম এশিয়ার উত্তপ্ত পরিস্থিতি নিয়ন্ত্রণে একজোট মোদী ও মাক্রোঁ

পশ্চিম এশিয়ার চলমান সংঘাত ও ক্রমবর্ধমান উত্তেজনা প্রশমিত করতে ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল মাক্রোঁর সঙ্গে বিশেষ আলোচনায় বসলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। দুই রাষ্ট্রপ্রধানের এই ফোনালাপে ওই অঞ্চলের বর্তমান অস্থিতিশীল পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করা হয়েছে। প্রধানমন্ত্রী মোদী সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স-এ মাক্রোঁকে তাঁর ‘প্রিয় বন্ধু’ হিসেবে সম্বোধন করে শান্তি ফেরানোর গুরুত্বের ওপর বিশেষ জোর দিয়েছেন।
উভয় নেতা সংশ্লিষ্ট অঞ্চলে অবিলম্বে উত্তেজনা হ্রাস এবং স্থিতিশীলতা ফিরিয়ে আনার প্রয়োজনীয়তা নিয়ে একমত হয়েছেন। প্রধানমন্ত্রী স্পষ্ট জানিয়েছেন যে, মধ্যপ্রাচ্যে শান্তি ও নিরাপত্তা বজায় রাখতে ভারত ও ফ্রান্স একযোগে তাঁদের কূটনৈতিক প্রচেষ্টা অব্যাহত রাখবে। আন্তর্জাতিক মহলে মোদী ও মাক্রোঁর এই আলোচনা বর্তমানে যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে।