প্রার্থী তালিকায় অসন্তোষ: মালবাজারে বিজেপির দলীয় কার্যালয়ে ভাঙচুর ও অগ্নিসংযোগ

২০২৬ বিধানসভা নির্বাচনের দ্বিতীয় দফার প্রার্থী তালিকায় শুক্রা মুণ্ডার নাম ঘোষণা হতেই রণক্ষেত্রের চেহারা নিল মালবাজার। দীর্ঘদিনের লড়াই করা ভূমিপুত্র নেতাদের উপেক্ষা করে ‘বহিরাগত’ প্রার্থী চাপানোর অভিযোগে ক্ষোভে ফেটে পড়েন স্থানীয় বিজেপি নেতা ও কর্মীরা। বৃহস্পতিবার গুরজং ঝোড়া মোড়ের দলীয় কার্যালয়ে কয়েকশো বিক্ষুব্ধ কর্মী চড়াও হয়ে ব্যাপক ভাঙচুর চালান।
বিক্ষোভকারীরা কার্যালয়ের লোহার গেট ভেঙে ভেতরে ঢুকে আসবাবপত্র, চেয়ার ও টেবিল তছনছ করেন। এরপর দলীয় ফ্লেক্স ও পোস্টার ছিঁড়ে জাতীয় সড়কের ওপর স্তূপ করে তাতে আগুন ধরিয়ে দেওয়া হয়। বিক্ষুব্ধ নেতা পিলাতুস ওরাওঁ ও অনিল ওরাওঁ সাফ জানিয়েছেন, অবিলম্বে এই প্রার্থী বদল না করলে কর্মীরা নির্বাচনি প্রচারে নামবেন না।
পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে মালবাজারের মহকুমা পুলিশ আধিকারিক সুদীপ্ত সরকারের নেতৃত্বে বিশাল পুলিশ ও আধা-সামরিক বাহিনী ঘটনাস্থলে পৌঁছায়। বিজেপির টাউন মণ্ডল সভাপতি ও জেলা কমিটির সদস্যরা পরিস্থিতি সামাল দিতে এলেও কর্মীদের রোষের মুখে পড়েন। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, আদি বনাম নব্যের এই সংঘাত উত্তরবঙ্গে বিজেপির নির্বাচনি প্রস্তুতিতে বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে।