ইরাক ছাড়ল ন্যাটোর কয়েকশো সামরিক উপদেষ্টা পরিস্থিতি সামাল দিতে সদর দপ্তর স্থানান্তর

ইরান ও আমেরিকার মধ্যে ক্রমবর্ধমান উত্তেজনার জেরে ইরাক থেকে নিজেদের নিরাপত্তা উপদেষ্টা মিশন সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে উত্তর আটলান্টিক সন্ধি সংগঠন বা ন্যাটো। উত্তর ইরাকে ব্রিটেন, ফ্রান্স ও ইতালির ঘাঁটিগুলোতে ইরানের সাম্প্রতিক হামলার পর কয়েকশো কর্মীকে ইউরোপে স্থানান্তরিত করা হয়েছে। ন্যাটোর শীর্ষ কমান্ডার জেনারেল অ্যালেক্সাস গ্রিনকউইচ নিশ্চিত করেছেন যে, অবশিষ্ট সেনারা শুক্রবার ওই এলাকা ত্যাগ করেছেন। মিশনটি সফলভাবে স্থানান্তরে সহায়তার জন্য তিনি ইরাক সরকার ও মিত্র দেশগুলোর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।
২০১৮ সালে ইরাকি বাহিনীকে শক্তিশালী ও কার্যকর করতে বাগদাদ অঞ্চলে এই মিশনটি চালু করা হয়েছিল। বর্তমানে নিরাপত্তা পরিস্থিতির অবনতি হওয়ায় এই কার্যক্রম সাময়িকভাবে ইতালির নেপলসে অবস্থিত ন্যাটোর সদর দপ্তর থেকে পরিচালিত হবে। মূলত মার্কিন দূতাবাসের নিকটবর্তী ন্যাটোর কর্মীরা ক্রমাগত হামলার লক্ষ্যবস্তু হওয়ায় এই বিশেষ সতর্কতা অবলম্বন করা হয়েছে। পরিস্থিতি বিবেচনা করে বর্তমানে একটি ছোট দল বাদে ন্যাটোর প্রায় পুরো মিশনটিই ইরাক থেকে প্রত্যাহার করে নেওয়া হয়েছে বলে জানা গেছে।